জমি অধিগ্রহণের আশঙ্কায় উত্তরায় গতকালও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি অধিগ্রহণের পরিকল্পনা ঠেকাতে উত্তরা তৃতীয় পর্বের প্রকল্প এলাকায় গতকাল রোববারও বিক্ষুব্ধ প্রায় এক শ গ্রামবাসী মিছিল করে প্রতিবাদ জানিয়েছে। গতকাল সকালে এই বিক্ষোভ প্রদর্শন করা হলেও পুলিশি হামলার ভয়ে বিক্ষোভকারীরা বেশিক্ষণ সেখানে অবস্থান করেনি। গত শনিবার বিক্ষুব্ধ জমির মালিকদের বিক্ষোভ, রাজউক কর্মকর্তাদের আহত ও লাঞ্ছিত করা এবং রাজউক প্রকল্প কার্যালয়ে অগ্নিসংযোগ দেওয়ার ঘটনায় রাজউকের পক্ষ থেকে তুরাগ থানায় মামলা করা হয়েছিল।বিক্ষুব্ধকারীরা ছিলেন তুরাগের দিয়াবাড়ি, নলভোগ, আশুতিয়া, ধউর, ভাটুলিয়া, চণ্ডালভাগ, শুক্রভাঙ্গা, নয়ানগর প্রভৃতি এলাকার। শুক্রবার সকাল থেকেই উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে বিভিন্ন সড়কে এবং পরে উত্তরার ১৫ বি ব্লক এলাকায় বিক্ষুব্ধ গ্রামবাসী মিছিল করে। উত্তরায় তৃতীয় প্রকল্পের স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাজউকের কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত ও মারধরও করা হয়। বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদেরও সংঘর্ষ হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের গাড়িসহ অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। উত্তরা তৃতীয় প্রকল্পের পরিচালক ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, এসব ঘটনার কারণেই তুরাগ থানায় অজ্ঞাতনামা আড়াই হাজার লোককে আসামি করে মামলা করা হয়।রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, তৃতীয় প্রকল্পের ১৭ নম্বর সেক্টরের পাশে বিভিন্ন মৌজায় প্রায় ৪০০ একর জমি অধিগ্রহণের প্রাথমিক প্রস্তুতি আছে রাজউকের। এ ছাড়া ওই এলাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য রাজউক তিনটি কর্তৃপক্ষকে ছাড়পত্রও দিয়েছে। এদের মধ্যে বাংলাদেশ পুলিশকে ছাড়পত্র দেওয়া হয়েছে অ্যাপার্টমেন্ট করার জন্য, ঢাকা ওয়াসাকে পানিবিষয়ক প্রকল্প বাস্তবায়নের জন্য এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আবাসন প্রকল্প করার জন্য। এসব প্রকল্প বাস্তবায়ন করতে হলে ২০০ একর জমি অধিগ্রহণ করতে হবে।জানা যায়, উত্তরা তৃতীয় প্রকল্পের প্লটের তুলনায় বরাদ্দ পাওয়া ব্যক্তিদের সংখ্যা বেশি হওয়ায় এবং দুটি সেক্টরের বরাদ্দ পাওয়া ব্যক্তিদের জন্য নতুন প্লট সৃষ্টির প্রয়োজন দেখা দেওয়ায় উত্তরায় রাজউকের আরও অনেক জমির প্রয়োজন। নতুন জমি অধিগ্রহণ না করলে এই চাহিদা পূরণ সম্ভব নয়। ১৯৯৭ সাল থেকে বিভিন্ন সময়ে উত্তরায় রাজউকের কাছে যাঁরা প্লটের জন্য আবেদন করেছেন তাঁদের মধ্যে আট হাজার ২৫০ জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অতীতে অধিগ্রহণ করা জায়গায় প্লটের সংখ্যা কম আছে। এ ছাড়া বিমান উড্ডয়নে সমস্যা থাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আপত্তি আছে উত্তরা ৫ ও ১৪ নম্বর সেক্টর এলাকায় তিনতলার বেশি উঁচু ভবন নির্মাণে। এই দুটি সেক্টরে অতীতে যাঁদের বরাদ্দ দেওয়া হয়েছে তাঁদের অনেকেই বাড়ি তৈরি না করে রাজউকের কাছে বিকল্প প্লট চেয়েছেন। তাঁদের জন্যও নতুন প্লট সৃষ্টি জরুরি হয়ে পড়ে।