জমি উদ্ধারে এবার তিন মন্ত্রীর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন-সংলগ্ন সরকারি জমিতে গড়ে ওঠা ট্রাক ও কাভার্ড ভ্যানের স্ট্যান্ড ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চার একরের বেশি আয়তনের ওই জমি দখলমুক্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ টার্মিনাল নির্মাণ করবে। ট্রাকমালিকেরা তা ইজারা বা ভাড়া নিতে পারবেন।গতকাল রোববার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও রেলমন্ত্রী মুজিবুল হক যৌথভাবে এ ঘোষণা দেন। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে তেজগাঁওয়ের সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন তিন মন্ত্রী। রেলমন্ত্রী মুজিবুল হক কাভার্ড ভ্যান মালিকদের উদ্দেশে বলেন, জমি দখলমুক্ত করে সেখানে টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনালটি রেলওয়ের নিয়ন্ত্রণে থাকবে। তেজগাঁও রেলস্টেশনের আশপাশের সড়কে অবৈধভাবে গাড়ি রাখা বন্ধ ও আবর্জনা অপসারণ করে তা চলাচলের উপযোগী করতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন মন্ত্রীরা। স্থানীয় লোকজনের দাবি অনুযায়ী, দুর্ঘটনাপ্রবণ কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে একটি ওভারপাস নির্মাণের উদ্যোগ নিতেও তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশনকে নির্দেশ দেন। সরকারি জমি অবৈধ দখল থেকে মুক্ত করতে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ও বিভাগীয় বহিঃসম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তেজগাঁও রেলস্টেশন এলাকায় রেলওয়ে ছাড়াও নৌ, কৃষি, পানিসম্পদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জমি রয়েছে। তাই সমন্বিত উদ্যোগে টার্মিনালটি নির্মাণ করা হবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে তেজগাঁওসহ রাজধানীর অনেক স্থানে সরকারি জায়গা দখলদারদের কবল থেকে মুক্ত করতে হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে সাংসদ আসাদুজ্জামান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ্জাহান আলী মোল্লা, ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা, রেলওয়ের বিভাগীয় বহিঃসম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক, তেজগাঁও ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রুস্তম আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।