জমি নিয়ে বিরোধে যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর দক্ষিণ সায়েদাবাদে মো. মামুন (২৭) নামে এক যুবককে গতকাল শনিবার গুলি করেছে দুর্বৃত্তরা। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মামুনের বাবা মো. শহীদুল্লাহ বলেন, তাঁর ছেলে সায়েদাবাদের একটি সিএনজি স্টেশনে কাজ করেন। তিনি দক্ষিণ সায়েদাবাদের ৪৩/সি/১ নম্বর বাসায় সপরিবারে থাকেন। গতকাল দুপুর সোয়া দুইটার দিকে মামুন সিএনজি স্টেশনে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার কয়েকগজ যাওয়ার পরই চার যুবক তাঁর গতিরোধ করে দাঁড়ায়। এ সময় তাদের একজন খুব কাছ থেকে মামুনের বুকে গুলি করে। তারপর সন্ত্রাসীরা হেঁটেই এলাকা ত্যাগ করে।ঘটনার কারণ সম্পর্কে শহীদুল্লাহ বলেন, ৩৫ বছর আগে তাঁদের এক আত্মীয় হাজি ইউসুফ দক্ষিণ সায়েদাবাদের জনৈক সিদ্দিক শিকদারের কাছ থেকে ২৫ কাঠা জমি কেনেন। পরবর্তী সময়ে বাকি জমি দেখাশোনার শর্তে ইউসুফ তাঁদের দুই কাঠা জমি দেন। ওই দুই কাঠায় তিনি পরিবার নিয়ে বাস করছিলেন, আর বাকি ২৩ কাঠার রক্ষণাবেক্ষণ করছিলেন। প্রায় আড়াই যুগ এভাবেই চলে। কিন্তু কিছুদিন আগে থেকে জমির সাবেক মালিক সিদ্দিক শিকদারের ছেলে সুমন জমি ফেরত চাইতে শুরু করেন অথবা বর্তমান দামের সঙ্গে মিলিয়ে অতিরিক্ত টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। সুমন বিভিন্নভাবে মামুনকে হুমকি দিতে থাকেন। মামুন এ ব্যাপারে তাঁকে জমির মূল মালিকের সঙ্গে কথা বলতে বলেন। এ নিয়ে প্রায় দিনই দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরপরই গতকাল গুলিবিদ্ধ হন মামুন। শহীদুল্লাহর অভিযোগ, সুমনই এ ঘটনা ঘটিয়েছে।যাত্রাবাড়ী থানার পরিদর্শক অবনীশংকর কর জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বিরোধটা যে জমিজমা নিয়েই তা এখনই পুলিশ নিশ্চিত নয়।