জমি রাজউকের, ‘অবৈধ’ দোকান কাউন্সিলরের, চাঁদাবাজিতে পুলিশ

রাজউকের ২০টি প্লটে অবৈধ দোকান বসিয়ে ভাড়া তোলেন দুই কাউন্সিলর। চাঁদা নেয় পুলিশ।

রাজউকের বাণিজ্যিক প্লট দখল করে দীর্ঘ দিন ধরে গড়ে উঠেছে অবৈধ মার্কেট। সম্প্রতি উত্তরার ১৩ নম্বর সেক্টরে সোনারগাঁ জনপদ রোড সংলগ্ন এলাকা থেকে ছবিটি তোলাছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন দুর্নীতির সমঝোতা!

রাজধানীর উত্তরায় রাজউকের প্লটে অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া তোলেন স্থানীয় দুই কাউন্সিলর। আর পুলিশ মাসে মাসে দোকানগুলো থেকে চাঁদা নেয়। বিনিময়ে ব্যবসা করার সুযোগ পান ব্যবসায়ীরা। কেউ কাউকে ঘাঁটান না।

ভাড়ার পরিমাণ কম নয়—২০টি প্লটের শতাধিক দোকান থেকে মাসে ২০ লাখ টাকার বেশি ওঠে। আর পুলিশ মাস শেষে চাঁদা তোলে প্রায় ছয় লাখ টাকা। অভিযোগ উঠেছে, ভাড়ার একটি অংশ রাজউকের অসাধু কর্মকর্তারাও পান।

পুলিশ সদর দপ্তরের একটি প্রতিবেদন ও প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে এই যোগসাজশের চিত্র। আরও দেখা গেছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বিপুল সম্পদের মালিক হয়েছেন।

বেদখল রাজউকের এ প্লটগুলো রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপদে। সেখানে রাজউকের প্লটের আশপাশে ভবন গড়ে উঠেছে, জনবসতি হয়েছে। তাই দোকান ভাড়ার চাহিদা অনেক। সেই সুযোগটিই নিয়েছেন স্থানীয় অসাধু রাজনীতিবিদেরা।

রাজউকের বাণিজ্যিক প্লট দখল করে দীর্ঘ দিন ধরে গড়ে উঠেছে অবৈধ মার্কেট। সম্প্রতি উত্তরার ১৩ নম্বর সেক্টরে সোনারগাঁ জনপদ রোড সংলগ্ন এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: খালেদ সরকার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানায়, ওই এলাকায় তাদের প্লট রয়েছে ৬০টি। এর মধ্যে ২৯টি বরাদ্দ হয়নি। বরাদ্দ না হওয়া প্লটগুলো নিয়ে ১৭টি মামলা চলছে। পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন বলছে, রাজউকের বরাদ্দ না হওয়া যে ২০টি প্লটে অবৈধভাবে দোকান গড়ে তোলা হয়েছে, তার মধ্যে উত্তরা ১১ নম্বর সেক্টরে পড়েছে ৮টি প্লট। বাকি ১২টি উত্তরা ১৩ নম্বর সেক্টরে। এ দুটি সেক্টর উত্তরা পশ্চিম থানার আওতাধীন।

প্লটগুলোতে অবৈধভাবে গড়ে তোলা দোকানের মধ্যে বেশির ভাগ আসবাবের। এ ছাড়া লেপ-তোশকের দোকান, গাড়ি ভাড়া দেওয়ার ১৫টি দোকান ও খাবার হোটেল রয়েছে।

পুলিশের প্রতিবেদন ও স্থানীয় সূত্র বলছে, এসব দোকানের নিয়ন্ত্রণ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমান ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খানের হাতে। সেখান থেকে ভাড়া তোলেন কৃষক লীগ নেতা কবির হোসেন ও জহির রায়হান, স্বেচ্ছাসেবক লীগ নেতা হযরত আলী, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শাকিলুজ্জামান বিপুল এবং যুবলীগ কর্মী রিপন, জজ মিয়া, সুজন, সোহেল ও নাজমুল হাসান। সবাই মিলে টাকা ভাগ করে নেন।

ব্যবসায়ীরা জানান, মাঝারি ও বড় দোকানের মাসিক ভাড়া ১৫ থেকে ২৫ হাজার টাকা। কিছু কিছু ছোট দোকান রয়েছে। সেগুলোর ভাড়া ৪ থেকে ৮ হাজার টাকা। ভাড়ার বাইরে এককালীন অর্থও নেওয়া হয়। এ জন্য স্ট্যাম্পে রীতিমতো চুক্তি করা হয়। এ রকম একটি চুক্তির অনুলিপি প্রথম আলোর হাতে এসেছে। এতে দেখা যায়, ২২ ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দিতে ৬ লাখ ৭০ হাজার টাকা আগাম জমা হিসেবে নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে মাসিক ভাড়া নেওয়া হয় মোট ৩ লাখ টাকার কিছু বেশি।

এই টাকা কারা নেন, তা নিয়ে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, স্থানীয় প্রভাবশালীরা বছরের পর বছর ধরে এসব প্লট দখল করে রেখেছেন। তাঁরাই ভাড়া তুলে ভাগাভাগি করে নেন। প্রভাবশালীদের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁদের নাম বললে আমি এখানে ব্যবসা করে খেতে পারব না।’

যে দুই কাউন্সিলরের বিরুদ্ধে অবৈধ দোকান বসিয়ে ভাড়া তোলার অভিযোগ, তাঁদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। কাউন্সিলর মো. আফছার উদ্দিন গত ২ জানুয়ারি প্রথম আলোকে বলেন, ‘প্লটগুলো এখন আর আমার এলাকার মধ্যে নেই। সেগুলো রাজউকের লোকজনের সঙ্গে যোগসাজশ করে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা দখল করে রেখেছেন।’

অবশ্য পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে এ প্লটে দোকান বসিয়ে ভাড়া তোলার সঙ্গে কাউন্সিলর আফছার উদ্দিন জড়িত। তাঁর অনুসারী রিপন, জজ মিয়া, সুজন ও সোহেল ভাড়া তোলার কাজ করেন।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উত্তর সিটির ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করে সাড়া পাওয়া যায়নি। তাঁর নম্বরে প্রশ্ন লিখে খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি। ফোন করা হলেও ধরেননি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েক জন নেতা।

রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে প্লটে দোকান তুলে ভাড়া দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী প্রথম আলোকে বলেন, কোনো কর্মকর্তার যোগসাজশ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। জানার পর সরেজমিনে গিয়েছি। প্লটের তালিকা করেছি। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্লটগুলো বরাদ্দের ব্যবস্থা নেওয়া হবে।’

টাকা তোলেন এসআই, ভাগ পান ওসি

উত্তরার এসব দোকান, আবাসিক হোটেল ও ফুটপাত থেকে পুলিশের অসাধু কর্মকর্তার চাঁদা তোলার বিষয়টি উঠে এসেছে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনেই। অভিযোগ পেয়ে পুলিশের শীর্ষ পর্যায় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিবেদনটি তৈরি করে গত মাসে সেটি জমা দেওয়া হয়।

প্রতিবেদন বলছে, রাজউকের প্লটে গড়ে তোলা দোকানগুলো থেকে মাসে মাসে নির্দিষ্ট হারে চাঁদা তুলছিলেন উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপপরিদর্শক (এসআই) ইসরাইল হোসেন, যাঁকে ৮ ফেব্রুয়ারি বদলি করে রাজধানীর বাড্ডা থানায় নিযুক্ত করা হয়েছে। প্রতিটি প্লট থেকে তিনি তুলতেন ৩০ হাজার টাকা করে। মোট উঠত ছয় লাখ টাকা। সেখান থেকে মাসে প্লট প্রতি ১০ হাজার টাকা করে (মোট দুই লাখ) নিজে রেখে বাকি টাকা তুলে দিতেন উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে।

এ বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস অভিযোগগুলো শোনার পর ফোন কেটে দেন। পরে আবার নিজেই ফোন করে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

চাঁদাবাজি ফুটপাতেও

এসআই ইসরাইল হোসেনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা এলাকার আজমপুর মোড় থেকে রেলগেট, স্থানীয় ফুটওভার ব্রিজ, ৬ নম্বর সেক্টরের বিডিআর মার্কেট ও আশপাশ এলাকার ফুটপাতে প্রায় ৩০০টি দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের প্রতিবেদন বলছে, ফুটপাতের এসব দোকান থেকে প্রতি সপ্তাহের বুধবার মোট ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা তোলেন পুলিশের লাইনম্যান মো. রাসেল মণ্ডল, আতিক ও মো. সোবহান। এ টাকা দেওয়া হতো এসআই ইসরাইলকে।

এর বাইরে কামারপাড়া তুরাগ সুপার মার্কেটে প্রায় ৪০০টি কাঁচামালের আড়ত থেকেও প্রতি মাসে মোটা অঙ্কের টাকা চাঁদা হিসেবে নিতেন এসআই ইসরাইল। স্থানীয় পাঁচটি আবাসিক হোটেলের ব্যবস্থাপকের কাছ থেকেও মাসে পাঁচ হাজার টাকা করে নিতেন তিনি।

এসআই ইসরাইল হোসেন পুরো অভিযোগ অস্বীকার করেন। তবে পুলিশের প্রতিবেদনে এসেছে তাঁর বিপুল সম্পদের কথা। এতে বলা হয়, এসআই ইসরাইলের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। ২০০৩ সালে কনস্টবল পদে যোগদান করেন তিনি। পরে পদোন্নতি পেয়ে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) এএসআই পদে যোগদান করেন ২০১৯ সালে। এক বছর পরেই পদোন্নতি পেয়ে তিনি এসআই হন। দায়িত্ব পান আজমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে।

পুলিশ সূত্র বলছে, ইসরাইল হোসেন একসময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দেহরক্ষী ছিলেন। তিনি সেই প্রভাব খাটান।

পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসআই ইসরাইল অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে ঢাকায় দুটি ফ্ল্যাট কিনেছেন। যার একটি বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে। সম্প্রতি ওই বাসায় গেলে নিরাপত্তারক্ষী সুজন আহমেদ প্রথম আলোকে বলেন, এসআই ইসরাইল দেড় বছর আগে বাসা ছেড়ে উত্তরায় চলে গেছেন।

প্রথম আলোর প্রশ্নের জবাবে এসআই ইসরাইল তাঁর বিপুল সম্পদ থাকার বিষয়টিও অস্বীকার করেছেন। তবে পুলিশেরই তদন্ত বলছে, তিনি সম্প্রতি নিজের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে ৭৬ লাখ টাকার জমি ও একটি ব্যক্তিগত গাড়ি কিনেছেন। গাড়ির নিবন্ধন নেওয়া হয়েছে তাঁর শ্বশুরের নামে।

‘এটা বড় অপরাধ’

শুধু উত্তরা নয়, রাজধানীজুড়েই বিপণিবিতান, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য জনসমাগমের স্থাপনা ঘিরে ফুটপাতগুলো বেদখল থাকে বছরের পর বছর। অভিযোগ আছে, এসব স্থাপনা থেকে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী, পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা চাঁদা তোলেন। পুলিশের তদন্তে একটি এলাকার চাঁদাবাজির চিত্র উঠে এল।

জানতে চাইলে দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হলো অবৈধ কাজ প্রতিহত করা। এখানে দেখা যাচ্ছে, তারা নিজেরাই জড়িয়ে পড়েছে। এটা বড় অপরাধ। জড়িতদের শাস্তি দিতে হবে। বদলি কোনো শাস্তি নয়, বিষয়টি দুর্নীতি দমন কমিশনে পাঠাতে হবে। তিনি বলেন, সারা ঢাকাতেই ফুটপাত ও খাস জমি দখলের ঘটনা ঘটেছে। একটু অনুসন্ধান করলেই দেখা যাবে স্থানীয় প্রভাবশালী, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ত্রিমুখী আঁতাত রয়েছে। এর বোঝা চাপছে জনগণের ওপর। কারণ চাঁদা বাবদ টাকা পণ্যের দামের সঙ্গে মানুষের কাছ থেকেই ওঠান ব্যবসায়ীরা।