জমিটি দখলে এখনো তৎপর জালিয়াত চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবিত মাকে কাগজে-কলমে মেরে ফেলা হলো। এরপর তাঁর মেয়ে, যিনি জমির মালিক, তাঁর নাম, বয়স ও ছবি জাল করে জায়গা বিক্রির পথঘাটও তৈরি করা হলো। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি ফাঁস হয়ে যায়।জালিয়াত চক্রের সাতজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করার পর চক্রের পাঁচজনকে ধরা হলেও পরে তারা জামিনে ছাড়া পেয়ে যায়। অপর দুই আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ায়।রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকার দক্ষিণ প্রান্তে ৩৮/২-ডি দিলু রোডে অবস্থিত ১০ কাঠা জমি নিয়ে এই জালিয়াতি হয়েছে। জমির মালিক রাহনুমা ফারিয়ানজু খান। তাঁর বাবা মৃত আহমেদ হোসেন খান এবং মা বদরুন্নেসা কলেজের সাবেক অধ্যক্ষ ফাউজিয়া আলী।জানা যায়, বেগুনবাড়ী খালের দক্ষিণ প্রান্তের এই জায়গায় আহমেদ হোসেন খানের মোট সাড়ে পাঁচ বিঘা জায়গা ছিল। তিনি ১৯৫৪ সালে এই জমি কেনেন। ১৯৬০ সালে রেলওয়ে ও পরে অন্য সরকারি সংস্থা জমি অধিগ্রহণ করায় শেষ পর্যন্ত প্রায় দেড় বিঘা (৪৮ শতাংশ) জমি অবশিষ্ট ছিল। হাতিরঝিল প্রকল্পে রাস্তার জন্য আরও কিছু জমি অধিগ্রহণের পর মোট জমি হাতে থাকে সাড়ে ১০ কাঠা। সেখানে রাহনুমা ফারিয়ানজু খানের নামে জমির মালিকানার সাইনবোর্ডও ছিল। সম্প্রতি গিয়ে সেই সাইনবোর্ডটি দেখা যায়নি।অধ্যাপক ফাউজিয়া আলীর অভিযোগ, তাঁর মেয়ে রাহনুমা ফারিয়ানজু খান যুক্তরাষ্ট্রে থাকায় বাবার কাছ থেকে পাওয়া এই বিষয়সম্পত্তি দেখাশোনার জন্য তাঁকে আমমোক্তার নিয়োগ করেন। তিনি খাজনা, পৌরকর দেওয়াসহ সব কাজই সম্পন্ন করে আসছেন। গত জুলাইয়ের শুরুতে তিনি জানতে পারেন, ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জায়গার জন্য অন্য আমমোক্তার নিয়োগ করা হয়েছে। একজন মহিলাকে নকল রাহনুমা ফারিয়ানজু খান সাজিয়ে অন্য ঠিকানা ব্যবহার করা হয়েছে। মা-বাবার নামও ঠিক রাখা হয়েছে। শুধু মা ফাউজিয়া আলীকে মৃত বানিয়ে নোটারি পাবলিক হলফনামা তৈরি করেছে। সেখানে ঠিকানা দেখানো হয় সড়ক-১৯, বাসা-২৫৪ (খানকুটির), ধানমন্ডি।শেষ পর্যন্ত একটি নামী পাওয়ার প্ল্যান্ট কোম্পানির সঙ্গে প্রতি কাঠা ৭২ লাখ টাকা দরে জমিটি বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়। ওই কোম্পানির কারণেই জালিয়াতি ধরা পরে বলে জানিয়েছেন ফাউজিয়া আলী। দাম ঠিক হওয়ার পর কোম্পানিটি নিয়ম অনুযায়ী জমির মূল মালিকের সন্ধান চায়। একপর্যায়ে বিক্রেতার আচরণে সন্দেহ হলে কোম্পানি ধানমন্ডির ঠিকানায় খোঁজ করে ফাউজিয়া আলীকে খুঁজে পায় এবং তাঁকে বিষয়টি খুলে বলে।পাওয়ার প্ল্যান্ট কোম্পানি সরে যাওয়ার পর জালিয়াত চক্র আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে জমি বিক্রির বিষয়টি চূড়ান্ত করে।ফাউজিয়া আলী গত ১৭ আগস্ট র‌্যাবকে বিষয়টি জানান। র‌্যাব পরদিন সকালে জালিয়াত চক্রের সদস্য আলাউদ্দিন ওরফে টুটুলকে তেজগাঁওয়ের সাতরাস্তায় ভূমি জরিপ কার্যালয়ের সামনে থেকে আটক করে। ওই দিন তাদের জমিটি রেজিস্ট্রি করার কথা ছিল। আলাউদ্দিনের কথামতো পরে চক্রের অন্য চার সদস্য শামীমুল আহাদ রনক, আজাদ রহমান, সাহাবুদ্দিন আহম্মেদ ও মোস্তাক হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ভূমি জালিয়াতির বিষয়টি স্বীকার করেছে।অনুসন্ধানে জানা যায়, বেগুনবাড়ী খালপাড়ের ওই জমিটি দখলে এখনো তৎপর জালিয়াত চক্র। ওই এলাকার কিছু লোকও এর সঙ্গে জড়িত। ফাউজিয়া আলী ক্ষোভ জানিয়ে বলেন, বিভিন্ন সময় তাঁদের অনেক জমি চলে গেছে। ক্ষতিপূরণ পেয়েছেন নামমাত্র। তাঁর প্রশ্ন, বাকি সাড়ে ১০ কাঠা জমিও কি তিনি রক্ষা করতে পারবেন না?