জরায়ু মুখ ক্যানসার রোধে সচেতনতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেছেন, জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধযোগ্য। বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান ধারণ, অবাধ মেলামেশা, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব ও অপুষ্টি মূলত জরায়ু মুখ ক্যানসারের কারণ।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র’ ও এর একাধিক সহযোগী সংগঠন এই বৈঠকের আয়োজন করে। সংগঠনগুলো জানুয়ারি মাসকে ‘জরায়ু মুখের ক্যানসার সচেতনতা মাস’ হিসেবে পালন করছে। তারই অংশ হিসেবে ছিল এই গোলটেবিল বৈঠক।
বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত সাদা স্রাব, যোনিপথে অস্বাভাবিক রক্তক্ষরণ, তলপেটে ব্যথা, শারীরিক সম্পর্কের সময় ব্যথা ও রক্তপাত, মাসিক বন্ধ হওয়ার পর রক্ত যাওয়া এই রোগের লক্ষণ। এই রোগ থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই।
অনুষ্ঠানে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার আন্তর্জাতিক সংস্থা গ্লোবোক্যানের ২০১২ সালের পরিসংখ্যান উদ্ধৃত করে বলেন, প্রতিবছর জরায়ু মুখের ক্যানসারে বাংলাদেশে ১১ হাজার ৯৫৬ জন নারী আক্রান্ত হয় এবং মারা যায় ৬ হাজার ৫৮২ জন।
বিশ্বে মহিলাদের ক্যানসারের তালিকায় জরায়ু মুখের ক্যানসারের স্থান চতুর্থ। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ প্রকাশিত ২০১৪ সালের হাসপাতালভিত্তিক ক্যানসার নিবন্ধন প্রতিবেদন অনুযায়ী নারীদের সব ধরনের ক্যানসারের মধ্যে জরায়ু মুখের ক্যানসার দ্বিতীয় স্থানে। স্তন ক্যানসার শীর্ষে।
গোলটেবিলে আরও অংশ নেন সাংসদ ও কবি কাজী রোজী, চিকিৎসক সাবেরা খাতুন, শিরীন আক্তার, রেহেনা আক্তার, রওশন আরা বেগম, শেখ গোলাম মোস্তফা, ফাতেমা আশরাফ, মুজাহেরুল হক, শারমিন ইয়াসমিন, মোসাররত জাহান প্রমুখ। বিজ্ঞপ্তি।