জরায়ুমুখ ক্যানসার নির্ণয় কর্মসূচির মূল্যায়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে তিন কোটি নারী জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকিতে আছে। ঝুঁকিমুক্ত রাখতে চলমান কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন, পাশাপাশি কর্মসূচির মূল্যায়ন হওয়াও জরুরি। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ বিষয়ে একটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। বিএসএমএমইউর সহ-উপাচার্য মো. সহিদুল্লা বলেন, জরায়ুমুখে ক্যানসার শুরুতেই ধরা পড়লে ঠিক চিকিৎসা নিলে সেরে যায়। উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক ও নার্স রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ও জরায়ুমুখ ক্যানসার নির্ণয় কর্মসূচির ফোকাল পয়েন্ট আশরাফুন্নেসা বলেন, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহায়তায় ২০০৫ সালে ১৬টি জেলায় দিশারী প্রকল্প চালু হয়েছিল। গত বছর পর্যন্ত সারা দেশের ১৫টি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান, ৫৭টি জেলা হাসপাতাল, ৬১টি মাতৃমঙ্গল কেন্দ্র, ১২টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ৩৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং ২০টি নগর স্বাস্থ্যকেন্দ্রে জরায়ুমুখ ক্যানসার নির্ণয় কর্মসূচি বিস্তৃত হয়। তিনি বলেন, কর্মসূচির গুণগত মান মূল্যায়ন দরকার। সেবা তৃণমূলে পৌঁছে দিতে আরও প্রচারণার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে জানানো হয়, দেশের ২১৬টি স্বাস্থ্যকেন্দ্রে জরায়ুমুখের সুস্থতা পরীক্ষা করা হয়। কোনো অস্বাভাবিকতা থাকলে কল্পোসকপি যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় সারা দেশে এই ক্যানসার নির্ণয় কর্মসূচির তত্ত্বাবধান করছে বিএসএমএমইউ।বিএসএমএমইউর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক সাবেরা খানম বলেন, ৩০ বছরের বেশি বয়সী নারীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনার পাশাপাশি প্রতিরোধের বিষয়ে জোর দিতে হবে। সম্প্রতি বাংলাদেশে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা ব্যবহূত হচ্ছে। এই টিকার উপকারিতা সম্পর্কে মানুষকে জানাতে হবে।অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা কর্মসূচির প্রতিনিধি মার্গুব আরিফ জাহাঙ্গীর বলেন, দেশে প্রতিবছর ছয় হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যানসারে মারা যাচ্ছে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন বলেন, অধিদপ্তরের বিশাল কর্মীবাহিনী ব্যবহার করে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। আলোচনা অনুষ্ঠান শেষে কল্পোসকপি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত।