পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য পদচারী-সেতু থাকলেও তারা তা ব্যবহার করছে না। ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়েই রাস্তা পারাপার হচ্ছে তারা। পদচারী-সেতু ব্যবহার না করায় মাঝেমধ্যেই পুলিশের ভ্রাম্যমাণ আদালত পথচারীদের জরিমানা ও সেতু ব্যবহার করতে মাইকে প্রচার করলেও অবস্থা বদলাচ্ছে না।
এসব পদচারী-সেতু ব্যবহারে পথচারীদের উদাসীনতা থাকলেও সেতুগুলো কতটা পথচারীবান্ধব এবং চলাচল উপযোগী, তা নিয়েও রয়েছে প্রশ্ন। পথচারীরা বলছে, পদচারী-সেতুগুলো ব্যবহারের জন্য পরিষ্কার রাখা হয় না। এসব সেতুতে আবর্জনা, হকার, ভিক্ষুকের যন্ত্রণায় পথচারীরা বিরক্ত।
সরেজমিনে বাংলামোটর, শাহবাগ, কারওয়ান বাজার, শুক্রাবাদ, আসাদগেট, মিরপুর ১০ নম্বর, আজমপুরসহ বিভিন্ন পদচারী-সেতু ঘুরে দেখা যায়, পথচারীরা পদচারী-সেতু ব্যবহার করছে কম। ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়েই রাস্তা পারাপার হচ্ছে তারা। পথচারীদের বেশির ভাগই সময় বাঁচাতেই এভাবে পার হওয়ার কথা বলছে। কেউ কেউ বলছে সিঁড়ি ভাঙার কষ্টের কথা।
ট্রাফিক-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পথচারীদের পদচারী-সেতু ব্যবহারে আগ্রহ কম। এ ছাড়া রাজধানীর রাস্তায় যানজট বাড়ার অন্যতম কারণ হচ্ছে এটি। যানজট ও দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগ ২০১৫ সালে বেশ ঘটা করে বাধ্যতামূলক পদচারী-সেতু ব্যবহারের নিয়ম করে। এরপর কয়েক দিন ব্যবহার বাড়লেও বর্তমানে পদচারী-সেতু ব্যবহারে উৎসাহ কম।
ডিএমপি থেকে পদচারী-সেতু ব্যবহারে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ঝুঁকি নিয়ে সড়ক পার না হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিংয়ের ব্যবস্থাও করা হয়। এ বিষয়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মানুষের পদচারী-সেতু ব্যবহারের আগ্রহ কম। জরিমানা করা আদালতের আসল উদ্দেশ্য নয়, নিয়ম মেনে রাস্তা পারাপারে সচেতনতা গড়ে তুলতেই অভিযান চালানো হয়।