জরুরি চিকিৎসাসেবার জন্য দক্ষতা ও অভিজ্ঞতা দরকার
জরুরি চিকিৎসাসেবা তুলনামূলকভাবে কঠিন। এ ক্ষেত্রে হাতে সময় থাকে কম, কিন্তু সিদ্ধান্ত নিতে হয় দ্রুত। তাই হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকদের প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকা খুব দরকার।গতকাল রোববার দ্বিতীয় আন্তর্জাতিক জরুরি চিকিৎসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রপ্রবাসী কিছু চিকিৎসক।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেন, এ দেশ নিয়মিত চিকিৎসায় অনেক দূর এগিয়েছে। এ ক্ষেত্রে চিকিৎসার মানও অনেক ভালো। তিনি বলেন, জরুরি চিকিৎসার ক্ষেত্রে অন্যের সঙ্গে পরামর্শ করার সময় থাকে না, তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য চিকিৎসকদের বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা থাকা দরকার। যুক্তরাজ্যে এ ক্ষেত্রে দায়িত্ব পাওয়া চিকিৎসকদের তিন ধাপের কমপক্ষে সাত বছরের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। চিকিৎসার মান বিষয়ে মন্তব্য করতে গিয়ে মাহমুদ হাসান বলেন, শিক্ষানবিশ চিকিৎসকেরা, এমনকি ছাত্ররাও আজকাল রোগীদের চিকিৎসা দেন।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক বলেন, জরুরি বিভাগ হচ্ছে হাসপাতালের মুখের মতো। এ বিভাগ দেখে হাসপাতালের সেবার মান বোঝা যায়। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিত্সাসেবার মান বাড়ানোর জন্য সমীক্ষা চলছে। তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা বাড়াতে প্রবাসী চিকিৎসকেরা বিশেষ ভূমিকা রাখতে পারেন।মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, খুব শিগগির বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জরুরি বিভাগ চালু করা হবে। একাধিক নতুন বিভাগ খোলার ক্ষেত্রে তিনি প্রবাসী চিকিৎসকদের সহায়তা চান। অধ্যাপক মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, যুক্তরাজ্য বিএমএর সভাপতি বদরুল আমিন সিদ্দিক প্রমুখ।