জলজট থেকে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর কাজীপাড়ার বাসিন্দা আজদু মিঞা ছেলেকে কোচিংয়ে পৌঁছে দিতে বৃষ্টি মাথায় নিয়েই ধানমন্ডির দিকে রওনা হয়েছিলেন। এক ঘণ্টা পেরিয়ে গেলেও আগারগাঁও অতিক্রম করতে পারেননি। রাস্তার দুই পাশের জলজটের কারণে সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি করে। গতকাল শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে একই পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকে থেমে থেমে বৃষ্টির পর একপর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। বৃষ্টির পানি জমে যায় রাজধানীর বেশ কয়েকটি অলিগলি ও প্রধান সড়কে। জলজট থেকে সৃষ্টি হয় তীব্র যানজটের। বিভিন্ন কাজে বাইরে বের হওয়া রাজধানীবাসী বৃষ্টিতে ভিজে নাকাল হওয়ার পাশাপাশি অসহনীয় যানজটের দুর্ভোগেও পড়েন। মিরপুর ১২ নম্বর থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত বিস্তীর্ণ এলাকার প্রধান সড়কে সকাল থেকেই তীব্র যানজট শুরু হয়। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বেশ কয়েকটি স্থানে সিএনজি থ্রি হুইলার যান ও ট্যাক্সিক্যাব রাস্তার মাঝখানে থেমে থাকতে দেখা যায়। এতে যানজট আরও বেড়ে যায়। পল্টন, বাসাবো, শান্তিনগর, মালিবাগেও জলজটের কারণে তৈরি হয় তীব্র যানজট। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, টোলারবাগ, বড়বাগ, পাইকপাড়া, রাজারবাগ, পরীবাগ ও পুরান ঢাকার বেশির ভাগ গলি এবং প্রধান সড়কে দুপুর পর্যন্ত হাঁটুপানি জমে থাকে। রাস্তার দুই পাশে হাঁটুপানি থাকায় পথচারীদের অনেকেই রাস্তার মাঝ বরাবর চলতে শুরু করলে যানজট আরও বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, বঙ্গোপসাগর থেকে উড়ে আসা মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই বায়ু বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজও রাজধানীসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশালের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় খুলনা ছাড়া দেশের সব বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, মাসের মাঝামাঝি সময় থেকে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করবে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। গতকাল রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটে সর্বোচ্চ ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।