জলপুতুলের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলপুতুল দলের সদস্যরা l প্রথম আলো
জলপুতুল দলের সদস্যরা l প্রথম আলো

রাজধানীর এলিফ্যান্ট রোডে ঘরটিতে ঢুকতেই দেখা গেল, বিছানা, টেবিল, চেয়ারসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গবুচন্দ্র মন্ত্রী, লাল, হলুদ, যৌক্তিক, অযৌক্তিক, গানের পাখি, সিংহের বাচ্চা, কুকুরসহ চারটি পরিবারের মোট ২৭ সদস্য। এদের শক্তি অনেক। সব সময় সত্য কথা বলে। এরা হলো একেকটি পাপেট বা পুতুল। জলপুতুল দলের জীবন্ত সদস্যদের সময় কাটে এই পুতুলদের নিয়ে।
গত মঙ্গলবার দুপুরে জলপুতুল দলের সদস্যরা জানালেন, পাপেট শো বা পুতুলনাচে পুতুলগুলো শিশুদের ভাষায় বড়দের বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরে, যা অনেক সময়ই সরাসরি বলা যায় না। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আক্রমণ করতে পারে পুরো সমাজকে। এর মাধ্যমে শিশু ও বড়দের বিনোদন দেওয়া যায়। কালো পর্দার নিচে বসে দলের সদস্যরা হাতে পুতুল জড়িয়ে মুখে গল্প বলতে থাকেন।
দলের সদস্যদের সঙ্গে যে বাড়িতে বসে কথা হয়, সে বাড়ির মালিক সাইফুল জার্নাল ও আজমাইন আজাদ। জলপুতুল দলের এই দুই সদস্য সম্পর্কে স্বামী-স্ত্রী। বাড়িটির এক ঘরে দলের সদস্য শাহরিয়ার শাওন হাতে একটি পাপেট নিয়ে অভিনয় করছিলেন। আর তা ভিডিও করছিলেন সাইফুল জার্নাল ও অন্যরা। অর্থাৎ বাড়িটি আর সে অর্থে বাড়ি নেই। শাহরিয়ার শাওন হাসতে হাসতে জানালেন, তাঁর নিজের বাড়ির অবস্থাও একই রকম। কেননা, তাঁর স্ত্রী ফিরোজা খানমও জলপুতুল দলের সদস্য। তাঁদের ভিডিও এডিটিংয়ের কাজের ফাঁকে ফাঁকেই আলাপ এগোতে থাকে। জানালেন, এই পুতুলেরা সমাজে আয়নার মতো কাজ করে।
বর্তমানে দুই মেয়র ঢাকাকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু সচেতনতা তৈরিতে বিলবোর্ডসহ বিভিন্ন জায়গায় শুধু ঝরাপাতা ও ঝাড়ু দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ ঢাকা শহরে কোনো কোনো ভবনের বাসিন্দারা ওপর থেকে হেন জিনিস নেই যা নিচে ফেলেন না। কলার খোসা, কুলি করার পানি সবই। এ বিষয় নিয়েই করা হচ্ছিল ভিডিওটি। এ ভিডিওর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। নিজেদের মনের খোরাক জোগাতে এ কাজ হচ্ছে বলে জানালেন সদস্যরা। শুধু এ সমস্যা নয়, সুন্দরবন ধ্বংস, স্কুলের মাঠ দখলসহ চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন সমস্যা ও অসামঞ্জস্য নিয়েই গল্প তৈরি হয়। তারপর উন্মুক্ত মঞ্চে পুতুলদের দিয়ে অভিনয় করানো হয়। যুগের সঙ্গে পাল্লা দিতে এর সঙ্গে ভিডিও ও অ্যানিমেশনের কাজও চলে। এই সদস্যরা কেউ থিয়েটারের কর্মী। কারও পড়াশোনা ফিল্ম নিয়ে। কেউ আবার ভিডিও এডিটিংয়ের কাজ করেন। পুতুলগুলো তাঁরা নিজেরাই বানান। এ দলে সরাসরি কাজ করা সাত সদস্যের বাইরেও আছেন অনেক স্বেচ্ছাসেবক তরুণ।
দলের সদস্যরা পুতুলগুলোকে সঙ্গে করে নিয়ে ছুটছেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুলসহ বিভিন্ন জায়গায় থাকা এ ধরনের শিশুদের কাছে। কাজটি করছেন স্বেচ্ছাসেবক হয়ে।
দলের সদস্যরা শিশুদের কাছে গিয়ে শুধু পুতুলনাচ দেখিয়েই ক্ষান্ত হচ্ছেন না। তাঁরা শিশুদের জন্য পুতুল বানানোর কর্মশালা করেন। প্লাস্টিকের চামচ, ফেলে দেওয়া আইসক্রিমের কাঠি, পিংপং বল, মেয়েদের কপালের টিপ, পানির ফেলে দেওয়া বোতল, গাছের শুকনো পাতা, ফ্রিজের কাগজের কার্টন, বোতাম, ম্যাচের কাঠি দিয়েই চলে পুতুল বানানো। দলের সদস্যরা যে পুতুলগুলো ব্যবহার করছেন, তা-ও এসব বিভিন্ন জিনিস দিয়েই তৈরি। আগে বেশির ভাগ পাপেটের চুল, জামা সব আঠা দিয়ে লাগানো থাকত। তবে এখন সবকিছু আলাদা করা যায়। আর এর ফলে চরিত্র অনুযায়ী তাদের সাজিয়ে নেওয়া যায় বলে খরচটা অনেক বেঁচে যাচ্ছে।
সাইফুল জার্নাল ও শাহরিয়ার শাওন জানালেন, পুতুলনাচের মাধ্যমে সরকার বা যন্ত্রকাঠামোর বিরুদ্ধে সরাসরি কথা বলা যায়। বাংলাদেশে যোগাযোগ ও বিনোদনের এ মাধ্যমটি প্রায় হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এ মাধ্যমকে পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন এ দুই তরুণ।