জলবায়ু-উদ্বাস্তুদের শিল্পোন্নত দেশে অভিবাসনের সুযোগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু-উদ্বাস্তুদের শিল্পোন্নত দেশে অভিবাসনের সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের অগ্রাধিকার দিতে হবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জলবায়ু গণশুনানি-২০১১ তে উপস্থিত জলবায়ুবিশেষজ্ঞ ও আইনজীবীরা এসব দাবি জানিয়েছেন। বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) আয়োজিত এই শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের প্রতিনিধিরা অংশ নিয়ে তাঁদের দুর্দশার কথা তুলে ধরেন। জলবায়ু বিশেষজ্ঞরা এসব দুর্দশার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন। মানবাধিকারকর্মী ও আইনজীবীরা জলবায়ু পরিবর্তনের পেছনে শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ওই সব দেশে অভিবাসনের সুযোগ দেওয়ার দাবি জানান। শুনানিতে উপস্থিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যতীন্ত্রনাথ গ্রামের অধিবাসী দীপালি মণ্ডল বলেন, লবণপানির কারণে এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিষ্টিপানির মাছ পাওয়া যায় না। কৃষিকাজও বন্ধ রয়েছে। নানা রোগবালাই দেখা দিচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন লবণপানি বেড়ে যাচ্ছে, তার কারণ জানতে চান তিনি।নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা মুন্নী আখতার বলেন, ‘জোয়ারের পানি এসে আমাদের ঘরবাড়ি প্রায়ই ডুবে যায়। রাস্তাঘাটও নষ্ট হয়ে গেছে। আমরা সরকারেরে ভোট দিছি এত কষ্ট করার জন্য না।’এসব দুর্ভোগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিসের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, চলতি শতাব্দীর মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০ কোটি মানুষ জলবায়ু-উদ্বাস্তুতে পরিণত হবে। এই বিপুল জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলোতে অভিবাসনের অধিকার দেওয়ার দাবি জানান তিনি।সাবেক বিচারপতি গোলাম রব্বানী ‘জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের’ এ মন্তব্য করে বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষের কথা দেশে-বিদেশে প্রচারের জন্য স্বতন্ত্র সংস্থা গড়ে তুলতে হবে। যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার আদায়ের জন্য কাজ করবে।’ পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান বলেন, ‘গ্রামীণ জনগোষ্ঠীর ৭০ শতাংশ নারী দারিদ্র্যসীমার নিচে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলো এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে যথেষ্ট পরিমাণে অর্থ দিচ্ছে না। এর ফলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে বাংলাদেশ হিমশিম খাচ্ছে।’মানবাধিকারনেত্রী হামিদা হোসেন সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ওই এলাকার বেশির ভাগ কৃষিজমি চিংড়িঘেরের আওতায় চলে গেছে। নারীরা ওই ঘেরগুলোতে কাজ পেলেও লবণপানির কারণে তাদের নানা ধরনের রোগব্যাধি হচ্ছে।’ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিপুল অর্থ পেলেও তা যাতে সঠিকভাবে খরচ হয়, সে ব্যাপারে লক্ষ রাখতে তিনি সুশীল সমাজের প্রতি আহ্বান জানান। শুনানিতে আরও বক্তব্য দেন পিকেএসএফের বেগম তাহেরুন্নেসা আবদুল্লাহ, শুনানির সহযোগী সংস্থা জিক্যাপ ও পিএফএমের নিলুফার বানু ও আবদুল আওয়াল।