জলবায়ু তহবিল পেতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলার অর্থ বাংলাদেশকে পেতে হলে তহবিল ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রকল্পের অডিট আপত্তির মীমাংসা করতে হবে। গতকাল শনিবার এশিয়াটিক সোসাইটির স্মারক বক্তৃতায় এ কথা বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত।এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে সাবেক জেলা জজ এফ আই এম নূরুল আবেদিন এবং তাঁর স্ত্রী আনজুমান আরা বেগম স্মরণে বক্তৃতায় আইনুন নিশাতের আলোচনার বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে আলোকপাত’। ৪৫ মিনিটের বক্তৃতায় তিনি জলবায়ু পরিবর্তনের কারণ, ফলাফল, পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের উদ্যোগ, ধনী দেশগুলোর ভূমিকা এবং বাংলাদেশের তৎপরতার বিষয়ে আলোকপাত করেন।আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য শিল্পোন্নত দেশগুলো জাতিসংঘের মাধ্যমে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গড়ে তুলেছে। ২০২০ সাল পর্যন্ত এই তহবিলে বছরে ১০০ বিলিয়ন ডলার করে জমা হবে। কিন্তু ধনী দেশগুলো স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের কথা তুলে ওই অর্থ দিতে চাচ্ছে না। তবে ইন্দোনেশিয়ার মতো দেশ শুধু গাছ লাগানোর জন্য এক বিলিয়ন ডলার পেয়েছে। বাংলাদেশকে ওই অর্থ পেতে হলে ধনী দেশগুলোর শর্ত পূরণ করতে হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত ও পাকিস্তানও এক সুরে কথা বলে এবং যুক্তরাষ্ট্রও তাতে সমর্থন দেয়। এই বিশ্লেষণ তুলে ধরে আইনুন নিশাত বলেন, তবে বাংলাদেশও জাতিসংঘের জলবায়ু সম্মেলনে শক্তিশালী ভূমিকা রাখছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দেড় মিটার বাড়লে বাংলাদেশের এক-তৃতীয়াংশ এলাকা ডুবে যাওয়ার যে আশঙ্কার কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। কেননা আমাদের উপকূলজুড়ে চার মিটার উচ্চতার বেড়িবাঁধ আছে। তবে বঙ্গোপসাগর থেকে ছয়-সাত মিটার উচ্চতার জলোচ্ছ্বাস এলে তা মোকাবিলা করা যাবে না। স্মারক বক্তৃতায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য হারুন-অর-রশিদ।