জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সমস্যা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা তৈরির নামে উন্নয়ন-সহযোগীদের অর্থ দিয়ে নামীদামি হোটেলে খাওয়াদাওয়া ও বিদেশ সফর হয় বলে মন্তব্য করেছেন জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত। তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সমস্যা আছে। এখনই এই অব্যবস্থাপনা দূর করতে না পারলে জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) থেকে অর্থ পাওয়া কঠিন হয়ে যাবে।
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘প্যারিস জলবায়ু সম্মেলনের প্রাপ্তি: ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় আইনুন নিশাত এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) ও এশিয়া প্যাসিফিক পরিবেশ সাংবাদিক ফোরাম (এপিএইজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
তহবিল ব্যবস্থাপনায় সক্ষমতার কোথায় ঘাটতি তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত।
অবশ্য আলোচনায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ যাতে জিসিএফ থেকে অর্থ না পায় সে জন্য বাহানা হিসেবে সক্ষমতা নেই এমন অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু পদ্মা সেতুর কাজ শুরু হওয়া প্রমাণ করে বাংলাদেশের সক্ষমতা আছে। তিনি বলেন, জলবায়ু-সংক্রান্ত কাজের ব্যাপারে যার অনাগ্রহ আছে তাকে দিয়ে সেই কাজ ঠিকমতো হয় না। যার আগ্রহ আছে তাকে দিয়েই সেই কাজ করা যাবে এবং তাকেই সেই দায়িত্ব দেওয়া উচিত।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রফেশনাল ফেলো এম আসাদুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য শিল্পোন্নত দেশগুলোর যে দায় রয়েছে, প্যারিস চুক্তিতে কৌশলে তা থেকে তারা মুক্তি নিয়েছে।
আলোচনায় অংশ নেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর শেফালি আখতার। তিনি বলেন, সাতক্ষীরার বেশির ভাগ জমিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে ফসল হয় না। সুন্দরবনে মধুর পরিমাণ কমে গেছে। নদীতে আগের মতো মাছও পাওয়া যাচ্ছে না।
নেত্রকোনার সুনীল মারাক বলেন, অভিন্ন নদীগুলো থেকে পানি আসার পরিমাণ কমে যাচ্ছে। আবার ওই নদীগুলো দিয়ে দূষিত পদার্থ আসছে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এফইজেবির সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জলবায়ু বিশেষজ্ঞ রেজাউল করিম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।