জলবায়ু তহবিলে বাংলাদেশের অগ্রাধিকার থাকা উচিত
প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপযোগী করে বাস্তবায়ন করতে হবে। স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রস্তুত করতে এখনই উদ্যোগ নিতে হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে পাবলিক লেকচার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব পানি সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) যৌথ আয়োজনে ওই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওলিং মূল বক্তব্য উপস্থাপন করেন।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বৈদেশিক-বিষয়ক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) দেশীয় পরিচালক ক্রিস অস্টিন বলেন, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন পরস্পর সম্পর্কিত। সবচেয়ে বিপন্ন দেশ হিসেবে জাতিসংঘের জলবায়ু তহবিলে বাংলাদেশের অগ্রাধিকার থাকা উচিত।এসভেন্ড ওলিং বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানো। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান, জলবায়ু বিশেষজ্ঞ আনসারুল করিম, রেজাউল করিম প্রমুখ।