জলবায়ু পরিবর্তন নিয়ে শনিবার গণপদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, জলবায়ু পরিবর্তনের দায় বিশ্বনেতারা এড়াতে পারেন না। আসন্ন প্যারিস সম্মেলনে তাঁদের সেই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঋণ নয়, অনুদানের দাবি তুলতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন। দেশের দুই শতাধিক সংগঠন মিলে আগামীকাল শনিবার আহূত জলবায়ু গণপদযাত্রা উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল জলবায়ু গণপদযাত্রায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টার পাশাপাশি দেশের পরিবেশ রক্ষায় নিজেদেরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এখন আমরা বুঝতে পারছি না। কিন্তু এটা আমাদের ঘাড়ের ওপর এসে পড়লেই ক্ষতি টের পাব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়া আমাদের দায়িত্ব।’
লিখিত বক্তব্যে শরিফ জামিল বলেন, ২৮ নভেম্বর বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশেও জলবায়ু গণপদযাত্রা হবে। ‘নিরাপদ ও পরিচ্ছন্ন বাংলাদেশ নিশ্চিত করতে বৈশ্বিক জলবায়ু পদযাত্রা’—এই প্রতিপাদ্য সামনে রেখে একটি উন্মুক্ত আহ্বানের মাধ্যমে পদযাত্রাটি হবে। ২৮ নভেম্বর সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে দোয়েল চত্বর-শিক্ষা অধিকার চত্বর (হাইকোর্ট মোড়)-মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হয়ে শাহবাগে শেষ হবে গণপদযাত্রা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন, বাংলাদেশি পরিবেশবাদীদের আন্তর্জাতিক নেটওয়ার্ক বেন অস্ট্রেলিয়ার সমন্বয়ক কামরুল আহসান খান।