রাজধানীতে অনুষ্ঠিত এক সংলাপে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলার বিষয়টিকে মাথায় রেখে টেকসই উন্নয়নের পরিকল্পনা করতে হবে। আর এসব পরিকল্পনা করতে হবে সাধারণ মানুষের চাহিদা ও প্রয়োজনকে মাথায় রেখে। সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ওই বিষয়গুলোকে মাথায় রেখে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
গতকাল সোমবার অ্যাকশনএইড ‘২০১৫ পরবর্তী উন্নয়নকাঠামো: বাংলাদেশের পরিস্থিতিতে বাস্তবতা’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে। সংলাপে বক্তারা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), সেনদাই দুর্যোগকাঠামো ও প্যারিস অ্যাগ্রিমেন্ট একসুতায় গেঁথে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনাগুলো তৈরির ওপর গুরুত্ব দেন। গুলশানের একটি হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (ইকাড) পরিচালক সালিমুল হক বলেন, ২০১৬ সালের জানুয়ারি মাসে বিশ্ব এক নতুন যুগে পদার্পণ করেছে। ২০১৫ সালে বিশ্ব টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি), দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য
সেনদাই-কাঠামো ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস অ্যাগ্রিমেন্ট পেয়েছে। এখন এই বিষয়গুলোকে কেন্দ্রে রেখে ভবিষ্যতের উন্নয়নের পরিকল্পনা করতে হবে।
সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলকামা সিদ্দিকী বলেন, সরকার ইতিমধ্যে টেকসই উন্নয়নের বিষয়টিকে মাথায় রেখে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও সরকার নিজস্ব তহবিল ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে কাজ করছে। তবে এসডিজি বাস্তবায়নের জন্য সরকারের যে পরিকল্পনা রয়েছে, তাতে বেশির ভাগ অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে আসবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন রশীদ বলেন, শিল্পায়ন না হলে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। কিন্তু শিল্পের জন্য তাঁরা বিদ্যুৎ ও গ্যাস পাচ্ছেন না। ফলে বিনিয়োগ বিলম্বিত হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছে।
সংলাপে আলোচক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ জলবায়ু পরিবর্তন বা দুর্যোগ মোকাবিলার জন্য যেসব উন্নয়ন উপকরণ ও অবকাঠামো স্থানীয় পর্যায়ে যাচ্ছে, তা কতটুকু স্থানীয় মানুষের চাহিদাকে মাথায় রেখে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মানুষের চাহিদাকে মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কথা বলেন।
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীরের সঞ্চালনায় সংলাপে বিভিন্ন উন্নয়ন সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান
এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলোচকদের প্রশ্ন করেন ও আলোচনায় অংশ নেন।