‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা সম্ভব নয় শিশুদের ছাড়া’

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের আয়োজনে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম ও ফেসবুক লাইভে ‘রেসপন্ডিং টু ক্লাইমেট ক্রাইসিস: উইথ অ্যান্ড ফর চিলড্রেন অ্যান্ড ইয়ুথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের বাদ রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলা সম্ভব নয়। নির্মল ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় এ কথা শিশু ও তরুণেরা নিজেরাই বলেছেন।

গতকাল বুধবার সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের আয়োজনে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম ও ফেসবুক লাইভে ‘রেসপন্ডিং টু ক্লাইমেট ক্রাইসিস: উইথ অ্যান্ড ফর চিলড্রেন অ্যান্ড ইয়ুথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জানানো হয়, গ্লোবাল ক্লাইমেট ইনডেক্স অনুসারে ১৯৯৮-২০২১ সালে আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। জনসংখ্যার এক-তৃতীয়াংশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

আলোচনা সভার প্রধান আলোচক বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশবিষয়ক যেকোনো নতুন প্রকল্পে যাতে শিশু অধিকারকে গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়ে কাজ করবেন বলে জানান। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ যাতে তাদের মূল্যায়নে কিশোর ও তরুণসমাজের মতামত নেয়, সে বিষয়টিতে গুরুত্ব দেন।

আলোচনায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী শাহিন আলম বলে, ‘করোনায় হাত ধোয়ার কথা বলছে সবাই, হাত ধোব কী দিয়ে, পানিই তো নাই?’ এই শিক্ষার্থী জলবায়ু তহবিলের হিসাবে কিশোর ও তরুণদের অন্তর্ভুক্ত করে এর স্বচ্ছতা আনার জন্য অনুরোধ করে।

ইয়ুথনেট ফর জাস্টিস, গ্রিন ক্লাব মেম্বার, লাল সবুজ সোসাইটি, ভোলার মনপুরা সরকারি কলেজসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের শিশু ও তরুণ প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

* ১৯৯৮-২০২১ সালে আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। * জনসংখ্যার এক-তৃতীয়াংশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি ডিরেক্টর রিফাত বিন সাত্তার। আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক সালিমুল হক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট এ কে এম মামুনুর রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ইফতেখার মাহমুদ প্রমুখ।