জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্লাইমেট চেঞ্জ ইউনিট চালু
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ ইউনিট’ খোলা হচ্ছে। বিভিন্ন দাতা দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া সহায়তা তহবিল এ ইউনিটের মাধ্যমে পরিচালিত হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের বায়তুল ভিউ টাওয়ারে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাসান মাহমুদ এ ইউনিটের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, একটি প্রকল্পের আওতায় ক্লাইমেট চেঞ্জ ইউনিট পরিচালনার জন্য দুই বছরে পাঁচ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে। শিগগিরই প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিমধ্যে উন্নয়ন সহযোগীরা ১১০ দশমিক দুই মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। ইউনিট উদ্বোধনকালে পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম, ক্লাইমেট চেঞ্জ ইউনিটের প্রধান মো. সাহেদুজ্জামান ও প্রধান বন সংরক্ষক আবদুল মোতাবেল উপস্থিত ছিলেন। জানা গেছে, সরকারের একজন যুগ্ম সচিবকে ক্লাইমেট চেঞ্জ ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। নয় কর্মকর্তা এবং ৩৩ কর্মচারী নিয়ে ইউনিটটি প্রতিষ্ঠা করা হয়েছে। শিগগিরই ইউনিটের জন্য বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ করা হবে।