জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির রূপ বদলে যাচ্ছে। এর ফলে অসময়ে বৃষ্টি, বন্যা, খরা দেশে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি করবে। এ পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়বে স্বাস্থ্যে। জলবায়ু পরিবর্তনের এসব মূল প্রভাবকে সামনে রেখেই সরকারকে কাজ করতে হবে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) আয়োজিত জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের প্রভাববিষয়ক এক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। সেমিনারে ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত প্রভাব’ শীর্ষক আলোচনায় পরিবেশ বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি আর স্বাভাবিক আচরণ করছে না। অসময়ে বৃষ্টি, বন্যা, তুষারপাত মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। খাদ্য ও জীবিকার পাশাপাশি এর সরাসরি প্রভাব পড়ছে স্বাস্থ্যে। এ ছাড়া এর ফলে ব্যাহত হবে দেশের উন্নয়ন। সেমিনারে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যে প্রভাব’ শীর্ষক আলোচনায় ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক কাজী তারিকুল ইসলাম বলেন, অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয় বৃদ্ধ ও শিশুর স্বাস্থ্য। আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডায়রিয়া, টাইফয়েড, ডায়াবেটিস যেমন বাড়ছে, তেমনি মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব বাড়ছে। বিসিপিএসের সভাপতি নাজমুন নাহার বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। এ ব্যাপারে চিকিত্সকদেরও দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। চিকিত্সকদের নীতিনির্ধারণী বিষয়ে স্বাস্থ্যঝুঁকির ব্যাপারটি তুলে ধরতে হবে।