জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। গ্রামাঞ্চলের প্রচুরসংখ্যক মানুষ উদ্বাস্তু হয়ে শহরের দিকে ছুটছে। আগামী দুই দশকে এ প্রবণতা আরও বাড়বে। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে নগর পরিকল্পনা ও উন্নয়ন করতে হবে। গতকাল রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে (সাবেক ঢাকা শেরাটন) ‘জলবায়ু পরিবর্তন ও স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলা হয়। ঢাকা সিটি করপোরেশন ও সিটিনেট দুই দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্বাস্তু হয়ে পড়া মানুষ শহরগুলোর দিকে ছুটছে। কিন্তু শহরগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় সমস্যা তৈরি হচ্ছে। সরকার জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং এর ফলে সৃষ্ট সমস্যা হ্রাসে ১৩৪ ধরনের কর্মপরিকল্পনা নিয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রশমন ও অভিযোজন কার্যক্রমে স্থানীয় সরকারকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা যাবে না। তবে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। বাংলাদেশ এই কাজই করছে। এই কাজে উন্নত বিশ্বের সহায়তা প্রয়োজন।মূল প্রবন্ধে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান জলবায়ু পরিবর্তন যেভাবে আগামী দিনে নগরের ওপর প্রভাব ফেলবে, তা তুলে ধরেন। তিনি তথ্য দিয়ে বলেন, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৫০ শতাংশ নগরে বাস করে। বাংলাদেশের ক্ষেত্রে এর হার ২৭ শতাংশ। ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে নগরে বসবাসকারী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ৭০ শতাংশে উন্নীত হবে। তাই এখন থেকেই জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে নগর ব্যবস্থাপনা ও পরিকল্পনা করতে হবে। আতিক রহমান জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সমস্যা মোকাবিলায় স্থানীয় সরকারব্যবস্থাকে আরও বেশি করে কাজে লাগানোর পরামর্শ দেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের কথা বলতে গিয়ে আতিক রহমান বলেন, এখানে যে গতানুগতিক ধারায় চাষাবাদ হচ্ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ধানের উৎপাদন ৮ শতাংশ এবং গমের উৎপাদন ৩২ শতাংশ কমে যাবে। তাই চাষ পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। আরও বক্তব্য দেন সিটিনেটের মহাসচিব মেরি জেন সি ওর্তেগা, ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আহসানুল হক মিয়া প্রমুখ।