নগরের দখল হয়ে যাওয়া খাল ও জলাধার উদ্ধারে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী কয়েকটি বেসরকারি সংগঠন। তারা অবিলম্বে খাল-নদী ও জলাধার দখলমুক্ত করে তা যথাযথভাবে রক্ষা করারও দাবি জানিয়েছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়। কর্মসূচি পালনকারী সংগঠনগুলো হলো—পরিবেশ বাঁচাও আন্দোলন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, গ্রিনমাইন্ড সোসাইটি, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ডাব্লিউবিবি ট্রাস্ট। সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় মোট ৪৩টি খাল ছিল। এর মধ্যে ২৫টি হারিয়ে গেছে। যে ১৮টি আছে, তা-ও দখলে-দূষণে মৃত্যুর পথে। খালগুলো উদ্ধার করা গেলে ঢাকার যানজটও কমতো। সমাবেশে ছয় দফা সুপারিশ জানানো হয়। এগুলো হলো—অবৈধ দখল উচ্ছেদ, উচ্ছেদের পর খাল যথাযথভাবে সংরক্ষণ, দুই পাড়ে হাঁটার পথ নির্মাণ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, বর্জ্য খালে না ফেলা ও নৌ যোগাযোগ-ব্যবস্থা গড়ে তোলা।হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে তোফায়েল আহমেদ, আতিক মোর্শেদ, ইবনুল সাঈদ, ইফমা হোসাইন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।