জলাবদ্ধ ঢাকায় অসহায় মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোরবেলা থেকে টানা বৃষ্টিতে গতকাল ভেসে যায় রাজধানীর বেশির ভাগ প্রধান সড়ক। সৃষ্টি হয় অসহনীয় যানজট। রাস্তায় বিকল হয়ে পড়ে বহু যানবাহন। খানাখন্দে ভরা পানিডোবা রাস্তায় বিপাকে পড়ে পথচারীরাও। দুপুরে ধানমন্ডি এলাকা থেকে তোলা ছবি l জাহিদুল করিম
ভোরবেলা থেকে টানা বৃষ্টিতে গতকাল ভেসে যায় রাজধানীর বেশির ভাগ প্রধান সড়ক। সৃষ্টি হয় অসহনীয় যানজট। রাস্তায় বিকল হয়ে পড়ে বহু যানবাহন। খানাখন্দে ভরা পানিডোবা রাস্তায় বিপাকে পড়ে পথচারীরাও। দুপুরে ধানমন্ডি এলাকা থেকে তোলা ছবি l জাহিদুল করিম

বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়া রাজধানী যেন এক অভিভাবকহীন শহরে পরিণত হচ্ছে। জলাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার সব আশা যেন বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে মাত্র ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে ডুবে যায় রাজধানীর বেশির ভাগ আবাসিক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা।

প্রধান সড়কে ও আবাসিক এলাকায় জমে থাকা পানি ভোগান্তিতে ফেলেছে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফেরা মানুষদের। তীব্র যানজট, হাঁটু ও কোমরপানির সঙ্গে যোগ হয়েছে সড়কজুড়ে থাকা খানাখন্দের দুর্ভোগ। রাস্তায় অনেক যানবাহন বিকল হয়ে পড়ে ছিল। এলোপাতাড়ি গর্ত আর যানবাহন চলাচলে সৃষ্টি হওয়া পানির ঢেউয়ের কারণে রাজধানীর সড়কগুলো রীতিমতো আতঙ্কের জন্ম দেয়।

কর্মক্ষেত্রে যাওয়ার পথে অনেককে বৃষ্টিতে ভিজতে হয়েছে। সেই সঙ্গে খানাখন্দে পড়ে দুর্ঘটনার শিকারও হয়েছেন অনেকে। বিপাকে পড়ে স্কুল-কলেজগামী অনেক শিক্ষার্থী। বৃষ্টির পুরো সময়, অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী হয়ে উঠেছিল এক বিপর্যস্ত জনপদ। তবে এই ভোগান্তি আর কষ্ট গতকালই প্রথম নয়, গত তিন মাসে ১৫-২০ দিন রাজধানীতে ৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

গতকালও বৃষ্টির পানিতে তলিয়ে যায় মিরপুরের রোকেয়া সরণি। বিশেষ করে শেওড়াপাড়া ও কাজীপাড়ার মূল সড়কের বড় একটি অংশ পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। এতে যানজটের সৃষ্টি হয়। খিলগাঁও, সিপাহিবাগ, গোড়ান, তিলপাপাড়া এলাকার কয়েকটি সড়কের অবস্থা নাজুক ছিল। দিনের শুরুতেই জলাবদ্ধতা তৈরি হয়।

গত বছর ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া ঢাকার বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, ১৯৬৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজধানীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর, ৩৪১ মিলিমিটার। দু-এক বছর পরপরই রাজধানীতে এক দিনে ১০০-১৫০ মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে রাজধানীর এক–তৃতীয়াংশ থেকে অর্ধেক এলাকা জলাবদ্ধ হতো।

নগর গবেষকেরা বলছেন, এখন ৩০ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টি হলেই শহরের অর্ধেকের বেশি এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে। চার-পাঁচ বছর আগেও রাজধানীতে ৫০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে তা কয়েক ঘণ্টার মধ্যেই নেমে যেত।

এ ব্যাপারে নগর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এত দিন আমরা জলাবদ্ধতা দূর করার জন্য ঢাকা শহরের নদী ও খালগুলো উদ্ধার করতে বলেছি। কিন্তু এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি। নদী ও খালের মতো এখন পয়োনিষ্কাশন নালাগুলোতে ময়লা জমে পানি নিষ্কাশনের কার্যকারিতা হারাচ্ছে।’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে রাজধানীর জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলার একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল ২০১৫-১৬ সালে। সেখানে রাজধানীর চারপাশের নদীর সঙ্গে খালের সংযোগ না থাকা আর পয়োনিষ্কাশন নালার সঙ্গে খালের সংযোগ না থাকার কারণে জলাবদ্ধতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছিল। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে নদীর সঙ্গে খালের ও খালের সঙ্গে নিষ্কাশন নালার সংযোগ তৈরির পরামর্শ দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা রাজধানীর ড্যাপ এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য তৈরি পরিকল্পনাটি এখনো চূড়ান্ত করিনি। ড্যাপ রিভিউ কমিটি বেশ কিছু নির্দেশনা দিয়েছে। সেগুলো আমলে নিয়ে পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে। তারপর সে অনুযায়ী কাজ শুরু হবে।’

অবশ্য এরই মধ্যে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টির আরও অনেক কারণের জন্ম হয়েছে। রাজধানীর বেশির ভাগ পয়োনিষ্কাশন নালায় ময়লা জমে আছে। সেখান দিয়ে সহজে পানি নামছে না। সড়কের পাশে যেসব পয়োনালা রয়েছে, সেগুলোতেও ময়লা জমে বন্ধ হয়ে আছে। তাই ৫০ মিলিমিটার বৃষ্টি হলেই রাজধানীর অর্ধেকের বেশি এলাকার প্রায় ১ কোটি মানুষ জলাবদ্ধতার কষ্টে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকেও রোকেয়া সরণির সড়ক থেকে পানি সরেনি। রাস্তায় পানির ঢেউয়ের কারণে শেওড়াপাড়া ও কাজীপাড়ার মূল সড়কের দুপাশের অনেক দোকানপাট বন্ধ রাখতে হয়েছে। কেউ কেউ ইটের গাঁথুনি ও পলিথিন দিয়ে দোকানের মালামাল রক্ষার চেষ্টা করেন।

শেওড়াপাড়ার আসবাবের ব্যবসায়ী আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, নিচতলায় দোকান, তাই বৃষ্টি নামলেই বুকটা কেঁপে ওঠে। রাস্তায় একটা বাস গেলেই দোকানে পানি ঢোকে।

নগর পরিকল্পনাবিদেরা বলছেন, এত দিন রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা ও মিরপুরের কিছু এলাকা নিয়মিতভাবে জলাবদ্ধ হতো। জলাবদ্ধতামুক্ত এলাকা হিসেবে চিহ্নিত ধানমন্ডি ২৭ নম্বর, কারওয়ান বাজারসহ অনেক নতুন নতুন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে।

গতকালের বৃষ্টিতে সবচেয়ে বেশি জলাবদ্ধতা তৈরি হয় ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে রাপা প্লাজার সামনে থেকে সংসদ ভবনের পশ্চিম পাশের আড়ং পর্যন্ত। বেলা ১টার দিকেও সেখানে ছিল প্রায় কোমরপানি। বিশেষ করে রাপা প্লাজা ও ধানমন্ডি বয়েজ স্কুলের গেটে রিকশার পাদানি ডুবে যাচ্ছিল।

অারও পড়ুন :-