জলাবদ্ধ রাস্তায় দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর থেকে টানা বৃষ্টিতে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক সড়ক ও পাড়া-মহল্লায় জলাবদ্ধতার কারণে দিনটি ছিল নগরবাসীর জন্য দুর্ভোগের। যেসব এলাকায় অসময়ে উন্নয়নকাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে, সেখানে পানি-কাদা ও গর্তের কারণে পথ চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। এ ছাড়া স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজন বৃষ্টি, জলাবদ্ধতা ও যানবাহন-সংকটের কারণে বেশ ভোগান্তিতে পড়েন।গত বৃহস্পতি ও শুক্রবার থেকেই থেমে থেমে হালকা বৃষ্টি হলেও গতকাল ভোর থেকে কয়েক ঘণ্টা ছিল ভারী বৃষ্টি। এরপর সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়। গতকাল সকাল থেকেই রাজধানীর শান্তিনগর, মৌচাক, মালিবাগ, সিদ্ধেশ্বরী, মগবাজার, ফকিরাপুল, রাজারবাগ, বাড্ডা, রামপুরা, পীরেরবাগ, শেওড়াপাড়া, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে রাস্তার ওপর জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে রাস্তাগুলো যেন ছোটখাটো খালে পরিণত হয়।দুপুর ১২টায় দেখা যায়, কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট থেকে শান্তিনগর মোড় পর্যন্ত সড়কের সবগুলো ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়ার পরও পানি তেমন সরছিল না। শান্তিনগর মোড়ের রাস্তার দুই পাশও সারা দিন জলমগ্ন ছিল। সেখানে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আসলাম শরিফের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সকালে সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি। রাস্তায় পানি থাকায় প্যান্ট গুটিয়ে ও জুতা হাতে নিয়ে পথ পাড়ি দিয়েছেন।অনেকেই এমন পরিস্থিতিতে পড়লেও বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে স্কুলগামী শিক্ষার্থীদের। ভিকারুন নিসা নূন স্কুলের এক ছাত্রী বলে, ‘অনেক দূর হেঁটেও রিকশা পাইনি। সকালে যখন স্কুলে এসেছিলাম, তখন পানি ঠেলে এসেছি। এখনো পানি ঠেলেই যেতে হবে।’শান্তিনগর থেকে মৌচাক যাওয়ার যতগুলো গলিপথ রয়েছে, তার সবগুলোতেও পানি জমেছিল। এসব গলিতে চলাচলকারী মানুষের ভোগান্তি ছিল আরও চরমে। এসব গলির ভেতরে অনেক বাড়ির নিচতলাতেও পানি ঢুকে পড়ে।মিরপুর এলাকার মধ্য পীরেরবাগের আলিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশের রাস্তায় সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটুপানি জমে ছিল। এলাকাবাসীর অভিযোগ, আশপাশে নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনের ইট-বালু অনেক দিন ধরে ওই রাস্তায় ফেলে রাখা ছিল। এসব নির্মাণসামগ্রী নর্দমায় পড়ে পানি অপসারণের পথ বন্ধ হয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনের রাস্তায় ওয়াসার পয়োনিষ্কাশন-সংযোগ নির্মাণের জন্য রাস্তা খোঁড়া হয়েছে। বৃষ্টিতে কাদা জমে বেশ পিচ্ছিল হয়ে যায় ওই রাস্তা। হাঁটার মতো যানবাহন চলাচলও ছিল ঝুঁকিপূর্ণ। কারণ, রাস্তার বড় অংশজুড়েই গর্ত। ফলে সেখানে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকতে দেখা যায়। শান্তিনগর মোড়, মৌচাক, মালিবাগেও যানজট দেখা যায়। রিকশা ভাড়া দ্বিগুণ: বৃষ্টিবিঘ্নিত দিনে গতকাল রাস্তায় যান্ত্রিক যান ছিল কম। আর এ সুযোগে রিকশাচালকেরা হাঁকিয়েছেন অনেক বেশি ভাড়া। মধ্য পীরেরবাগের আলিমউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত এমনিতে রিকশা ভাড়া ১০ টাকা। কিন্তু গতকাল এ ভাড়া হয়েছে ৩০ টাকা পর্যন্ত। মোহাম্মদ সেলিম নামের এক পথচারী বলেন, অনেক দর-কষাকষির পর তিনি এই দূরত্বে ২৫ টাকা ভাড়ায় রিকশা পান।কর্ণফুলী গার্ডেন সিটি থেকে বিজয়নগর পানির ট্যাংক পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে ২০ থেকে ৩০ টাকা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, রিকশাচালকেরা টিএসসি থেকে শান্তিনগরের ভাড়া হাঁকছেন ৫০ টাকা। আরেক শিক্ষার্থী বলেন, তিনি টিএসসি থেকে কাকরাইলে গিয়েছেন ৩০ টাকা রিকশা ভাড়ায়।