>সিটি করপোরেশন নির্বাচন হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র
বেশির ভাগ জায়গার ড্রেনেজ ব্যবস্থাই বিকল। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। যেখানে-সেখানে ময়লা–আবর্জনা আর নিত্যদিন যানজট। এই হলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের হাল। আরও আছে মশার উপদ্রব আর সুপেয় পানির সংকট।
গতকাল রোববার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।
নাখালপাড়া রেলগেটের পূর্ব ও পশ্চিম অংশ, শাহীনবাগ, লিচুবাগান, সমিতি বাজার, সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার, আরজতপাড়া, পাগলাপুলসহ কয়েকটি এলাকা নিয়ে গড়া এই ওয়ার্ডের আয়তন ১ দশমিক ২ বর্গকিলোমিটার। ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডের হোল্ডিং সংখ্যা ২ হাজার ৪৫৩টি। ভোটার আছে ৬৭ হাজার।
ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জলাবদ্ধতাই এই ওয়ার্ডের প্রধান সমস্যা। গত দুই বছরে ওয়ার্ডের কয়েকটি সড়কে সংস্কারকাজ করা হলেও তা যথেষ্ট নয়। জলাবদ্ধতার সমস্যা নিরসনে প্রথমেই ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর দরকার থাকলেও তা হয়নি।
শাহীনবাগ ৬ নম্বর গলির বাসিন্দা আহমেদুর রশীদ বলেন, সম্প্রতি গলির সড়ক সংস্কারের কাজ করা হলেও ড্রেনেজ ব্যবস্থা আগের অবস্থাতেই রয়ে গেছে। ১৫ মিনিটের বৃষ্টিতেই গলিতে হাঁটুপানি জমে যায়। সেই পানি কখনো কখনো দুই দিনেও নামে না।
গলির আরেক বাসিন্দা মোজাফফর আহমেদ খানিকটা ক্ষোভের সঙ্গে বললেন, বেশি বৃষ্টি হলে পানি নিচতলার ঘর পর্যন্ত পৌঁছে যায়। পানি সেচ দিলেও দুর্গন্ধ যায় না।
একই রকম সমস্যার কথা বললেন শাহীনবাগের ৮ নম্বর গলির বাসিন্দারাও। যদিও সেখানে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হয়েছে। এ ছাড়া পশ্চিম নাখালপাড়ার ১০ নম্বর গলি, পোস্ট অফিসসংলগ্ন এলাকা, হাজী মরণ আলী রোডের আশপাশ, লিচুবাগান ও সমিতি বাজার এলাকার কিছু সড়কেও জলাবদ্ধতা রয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।
লিচুবাগান এলাকার আলমগীর হোসেনের বক্তব্যে জলাবদ্ধতার সমস্যার সঙ্গে উঠে এল সুপেয় পানি সংকটের বিষয়টিও। তাঁর অভিযোগ, দিনের বেশির ভাগ সময় ওয়াসার পানির সরবরাহ থাকে না। যতটুকু পাওয়া যায় তাতেও দুর্গন্ধ।
এ ছাড়া রেলগেট এলাকা ও পাগলাপুল এলাকার লোকজনও পানির সংকটের কথা বলেছেন।
এদিকে ওয়ার্ডের সার্বিক বিষয় নিয়ে মেট্রোপলিটন হাসপাতাল এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ঢাকার মধ্যে যতগুলো নোংরা জায়গা আছে, তার মধ্যে নাখালপাড়া অন্যতম। রাস্তাঘাটের ময়লা বৃষ্টির পানির সঙ্গে সব জায়গায় ছড়িয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর দরকার ছিল।
আলমগীর হোসেনের সঙ্গে সহমত পোষণ করলেন নাখালপাড়া রেলগেট এলাকার শুভাগত চৌধুরী। তবে তাঁর মতে, ওয়ার্ডের অপরিচ্ছন্ন রাস্তাঘাটের জন্য এলাকাবাসীও কম দায়ী নন। কারণ, অনেকেই বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহকারীদের টাকা দেওয়ার ভয়ে তাঁদের কাছে ময়লা দেন না। পরে নিজেদের সুবিধামতো জায়গায় ফেলেন। তাই এ ব্যাপারে সিটি করপোরেশনের তৎপরতার পাশাপাশি বাসিন্দাদেরও সচেতন হওয়া প্রয়োজন।
এ সময় রেলগেটের দুই অংশেই দেখা গেল যানবাহনের জট। এলাকার বাসিন্দাদের মতে, এটা এই ওয়ার্ডের আরেক ভোগান্তির নাম। মূলত নাবিস্কো বাসস্ট্যান্ড থেকে নাখালপাড়ার ভেতর দিয়ে তেজকুনীপাড়া হয়ে ফার্মগেটে যাওয়ার জন্য অনেকের প্রধান পথ এটি। চোখে পড়ল, এই পথে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার পাশাপাশি সমানে ব্যাটারিচালিত অটোরিকশাও চলছে। যানজট সৃষ্টির ক্ষেত্রে এই ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলকেই দায়ী করলেন বেশির ভাগ লোকজন। তাঁরা বলছেন, এই পথে যানজট নিয়ন্ত্রণের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের কোনো বিকল্প নেই।
এ ছাড়া ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্যে মশার উপদ্রবের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তাঁরা বলছেন, এলাকার বেশির ভাগ জায়গা অপরিচ্ছন্ন থাকায় মশার উপদ্রব বেশি হলেও মশক নিয়ন্ত্রণের জন্য সিটি করপোরেশন থেকে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এ দিকে চারপাশে চিকুনগুনিয়ার দাপটে তাঁরা একপ্রকার আতঙ্কে আছেন।