জলাভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন ও নিরাপদ পানি আইনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চারপাশের নদী ও জলাশয় রক্ষায় একটি স্বতন্ত্র ‘জলাভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ গঠন করতে হবে। এই কর্তৃপক্ষ ঢাকা অঞ্চলের জলাশয় পুনরুদ্ধার, সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনার পূর্ণ কর্তৃত্ব ও দায়িত্ব গ্রহণ করবে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে আইপিডি সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এই সুপারিশ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে নদী ও পরিবেশ রক্ষায় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। কমিটি জানায়, মার্চের মধ্যে সুপারিশগুলোর ব্যাপারে কয়েকটি গণশুনানির ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্টদের মতামত নিয়ে পূর্ণাঙ্গ সুপারিশ বাজেটে অন্তর্ভুক্ত করতে পাঠানো এবং পরিকল্পনা বাস্তবায়নের নীতি কাঠামো ও অর্থ বরাদ্দের দাবি জানানো হবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে। দূষণমুক্ত পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে ‘নিরাপদ পানি আইন’ অনুমোদন, পয়োনিষ্কাশন ব্যবস্থার নীতিমালা তৈরি ও ল্যান্ড জোনিং আইন অনুমোদনের সুপারিশ করে কমিটি। একই সঙ্গে গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রাকৃতিক জলাশয় ও সংরক্ষিত জলাধার নিয়ে গঠিত ঢাকার পূর্ব পাশের ৪০ শতাংশ নিষ্কাশন এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত ও ঘোষণার সুপারিশ তুলে ধরে কমিটি।কমিটি সুপারিশ হিসেবে ঢাকার পার্শ্ববর্তী নদীগুলো এবং অভ্যন্তরীণ জলাশয় সংরক্ষণ ও এর দূষণরোধে দুটি কৌশলপত্র তুলে ধরে। কমিটির পক্ষে সাংসদ সাবের হোসেন চৌধুরী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ কার্বন দূষণের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কথা বলছে। অথচ ঢাকা অঞ্চলের নদী ও জলাশয়গুলো ক্রমাগত দূষিত ও দখলের শিকার হচ্ছে। এ জন্য দায়ী শিল্পপ্রতিষ্ঠান ও দখলদারদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে না। এটা সরকারের এক ধরনের দ্বৈত নীতির বহিঃপ্রকাশ হিসেবে তিনি মন্তব্য করেন। সুপারিশ তুলে ধরতে গিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, ডিএনডি পয়োনিষ্কাশন খালের প্রান্তে একটি বড় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন করা যায়। এর মাধ্যমে প্রতিদিন পাঁচ লাখ ঘনমিটার বর্জ্য পরিশোধন করা যাবে। শীতলক্ষ্যা নদীর উভয় তীরে বৃহৎ শিল্পকারখানাগুলোর জন্য একক বর্জ্য শোধনাগার (ইটিপি) এবং গুচ্ছাকারে সিইটিপি স্থাপন করতে হবে। কমিটির পক্ষ থেকে সাবের চৌধুরী আরও বলেন, বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা গেছে, পরিবেশ ধ্বংসের কারণে আমাদের মোট জাতীয় প্রবৃদ্ধি ৪ শতাংশ কম হচ্ছে। ২০১০ সালের আর্থিক হিসাবে তা সাড়ে সাত হাজার কোটি টাকা। ২০১১ সালে তা নয় হাজার কোটি টাকা ছাড়াবে। অথচ দূষণরোধে দুই হাজার ১০০ কোটি টাকা খরচ করলে আমরা একটি সুন্দর পরিবেশ পেতে পারি। সভায় উপস্থিত ইউএনডিপি বাংলাদেশের দেশীয় পরিচালক স্টিফেন প্রেইসনার বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির এ ধরনের উদ্যোগ খুবই জরুরি। গণতান্ত্রিক ও সংসদীয় সংস্কৃতির বিকাশে এমন উদ্যোগ নিয়মিত নেওয়া উচিত। সভায় আরও বক্তব্য দেন কমিটির সভাপতি আবদুল মমিন তালুকদার, একাব্বর হোসেন, মনোরঞ্জন শীল গোপাল, এম এ জব্বার, সোহরাব আলী সানা, গোলাম সবুর ও গিয়াসউদ্দিন আহমেদ।