পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নেতারা অভিযোগ করেছেন, জলাধার বা খাল দখল করলে কোনো শাস্তি হয় না। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভূমিদস্যুরা দখল অব্যাহত রেখেছে। তাঁরা বলেন, জলাশয় পুনরুদ্ধারে সরকারি ঘোষণা শুধুই ঘোষণা, বাস্তবায়নের কোনো চিহ্নই নেই।গতকাল বুধবার রাজধানীর মহাখালী ওয়্যারলেসের টিঅ্যান্ডটি মাঠসংলগ্ন বনানী লেক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে পবা নেতারা এসব কথা বলেন। পবা ও সাউথইস্ট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেখেন, দ্রুত ভরাট হয়ে যাচ্ছে বনানী লেক। তীরজুড়ে সাইনবোর্ড আর ইটের দেয়ালের পাশাপাশি লেকের পানি অত্যন্ত দূষিত ও অপরিচ্ছন্ন আর মশার অভয়ারণ্য।পবার চেয়ারম্যান আবু নাসের বলেন, ঢাকার মধ্যভাগে অবস্থিত বলে এ লেকের পরিবেশগত গুরুত্ব অনেক বেশি। কিন্তু যত্রতত্র ইটের টুকরো আর সুরকির স্তূপ রেখে সুকৌশলে ভরাট করে ফেলা হচ্ছে লেকটি। কয়েক দিনের মধ্যেই ভরাট করা অংশ ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে বড় বড় ভবন নির্মাণ করা হবে বলে আশঙ্কা করেন তিনি। দ্রুত লেকের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য উত্তোলনের প্রতি জোর দেন পবার চেয়ারম্যান।সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য শমসের আলী বলেন, বনানী লেকের মতো রাজধানীর অন্যান্য লেক ও জলাশয়গুলো ভরাট হতে হতে একেবারে অস্তিত্বহীন হয়ে পড়েছে। ঢাকাকে ঘিরে থাকা পাঁচ নদীর অবস্থাও করুণ। আর সময় নেই। এখনই যদি এসব স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য উত্তোলন করে লেক-জলাশয়-নদী বাঁচানো না হয় আগামীতে ঢাকায় জলাবদ্ধতা, পরিবেশ, পানিসংকট মোকাবিলা সম্ভব হবে না।কর্মসূচিতে ইউনিভার্সিটির সহ-উপাচার্য এ এন এম মাকসুদ উদ্দীনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সবাই লেক, জলাশয় রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।