জাগো আর্ট সেন্টার উচ্ছেদের চেষ্টা, ক্ষোভ
রাজধানীর স্বামীবাগে অবস্থিত ঐতিহ্যবাহী গওহর জামিল-রওশন জামিল স্মৃতিপীঠ ‘জাগো আর্ট সেন্টার’ উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের জমি দখলের চক্রান্তে লিপ্ত রয়েছে একটি মহল।এ নিয়ে হাইকোর্টে মামলা বিচারাধীন থাকলেও ঢাকা জেলা প্রশাসন আগামীকালের (৩১ আগস্ট) মধ্যে জায়গা খালি করার জন্য সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সেন্টারের শিক্ষার্থী-অভিভাবকসহ সাংস্কৃতিক কর্মীরা।ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, মালিককে জমি ফিরিয়ে দিতে জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জাগো আর্ট সেন্টার কর্তৃপক্ষের দাবি, এটা ব্যক্তিমালিকানাধীন জমি নয়। সরকারি জমি সরকারের কাছ থেকেই ইজারা নেওয়া হয়েছে। এর স্বপক্ষে প্রয়োজনীয় সব কাগজপত্রও রয়েছে। জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘জোর করে জাগো আর্ট সেন্টার সরিয়ে দেওয়া হচ্ছে না। ব্যক্তিমালিকানাধীন এ জমি মালিককে ফিরিয়ে দিতে চাই। এ জন্য সেন্টার কর্তৃপক্ষকে সরে যেতে বলা হয়েছে। জমিতে সেন্টারের কোনো স্বত্ব নেই। প্রশাসন অন্যায্য কিছুই করছে না।’ মামলা নিষ্পত্তি হওয়ার আগে সরে যাওয়ার নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আর্ট সেন্টার ২৫ বছর ধরে মামলা চালিয়ে অনেক মামলায় হেরে গেছে। এখনো তাঁদের একটি মামলা আছে। কেউ ভুয়া কাগজপত্র তৈরি করলে আদালতেই প্রমাণ মিলবে।’এদিকে ঐতিহ্য রক্ষায় গঠিত হয়েছে ‘জাগো আর্ট সেন্টার রক্ষা কমিটি’। নয় সদস্যের এ কমিটিতে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ, তপন মাহমুদ, ঝুনা চৌধুরী, মিনু হক, মাহমুদ সেলিম, রফিকুল আলম ও বেলায়েত হোসেন। কমিটির নেতারা উচ্ছেদের চেষ্টা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আবেদন জানিয়েছেন।জানতে চাইলে সেন্টার রক্ষা কমিটির আহ্বায়ক রামেন্দু মজুমদার প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা দলিল তৈরি করে মালিকানা দাবি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঐতিহ্য রক্ষায় আইনি লড়াই চলছে। সরকারের ঊর্ধ্বতন মহলকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব।’সরেজমিন: রাজধানীর সায়েদাবাদ পার্কসংলগ্ন স্বামীবাগে মিতালী স্কুলের গলি ধরে সামনে এগোলেই জাগো আর্ট সেন্টার। একুশে পদকপ্রাপ্ত এ দুই গুণী শিল্পীর যৌথ প্রচেষ্টাতেই গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। ১৮ কাঠা জমির ওপর সেন্টারের মিলনায়তন, চারটি শ্রেণীকক্ষ, অধ্যক্ষের বাসভবন আর সামনে এক টুকরা খোলা জায়গা। শিশু-কিশোরেরা সংস্কৃতিনির্ভর মেধা বিকাশের সুযোগ পাচ্ছে এ সেন্টারে। ১৯৪৮ সালে এখানকার ডোবা-নালা ভরাট আর জঙ্গল পরিষ্কার করে জায়গাটিকে ভবন নির্মাণের উপযোগী করা হয়। তৈরি করা হয় একতলা টিনশেড ভবন।সেন্টার সূত্র জানায়, এটি পরিচালিত হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনায়। শিক্ষার্থীদের বেতনই একমাত্র ভরসা। বার্ষিক ভিত্তিতে সরকারি অনুদান মিললেও তা খুব সামান্য। সেখানে গেলে কয়েকজন অভিভাবক বলেন, এলাকার শিশু-কিশোরদের সংস্কৃতিচর্চায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সেন্টার রক্ষা করা সবার দায়িত্ব।সেন্টার কর্তৃপক্ষ বলেছে, সরকারের কাছ থেকে নেওয়া এ জমির বৈধ স্বত্ব জাগো আর্ট সেন্টারের। সরকারি খাসজমি হিসেবে অন্তর্ভুক্তির আগে এই জমির মালিক ছিলেন হরলাল গাঙ্গুলি নামের এক ব্যক্তি। ১৯৪৮ সালে প্রয়াত গওহর জামিল সরকারি চাকরিতে থাকাকালে এই জমি গণপূর্ত বিভাগের কাছ থেকে ইজারা নেন। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয় জাগো আর্ট সেন্টার। জাগো আর্ট সেন্টারের উপাধ্যক্ষ রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘জমির সাবেক মালিক হরলাল গাঙ্গুলিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমরা নিশ্চিত হয়েছি, তিনি জীবিত নেই। মালিক বা ওয়ারিশ না থাকায় এটা সরকারি জমি। আমরা সরকারের কাছ থেকেই ইজারা নিয়েছি। এটাই আমাদের বৈধতা। আদালতেই এর প্রমাণ মিলবে।’অভিযোগ রয়েছে, ১৯৮৩ সাল থেকে এই জমি দখল করতে একটি মহল সক্রিয় হয়ে ওঠে। জমির মালিক হরলাল গাঙ্গুলিকে জীবিত দেখিয়ে আদিলুজ্জামান নামের এক ব্যক্তির নামে জমির ভুয়া দলিল তৈরি করা হয়। এতে দেখানো হয়, জেলা প্রশাসন জাগো আর্ট সেন্টারের নামে দেওয়া জমির ইজারা বাতিল করে হরলাল গাঙ্গুলিকে ফেরত দিয়েছেন। এরপর ওই জমি আবার আদিলুজ্জামানের কাছে বিক্রি করা হয়েছে। সেভাবেই দলিল তৈরি করা হয়। আদিলুজ্জামানের মৃত্যুর পর এ জমি নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠে আরেকটি চক্র। অভিযোগ উঠেছে, এরই ধারাবাহিকতায় উচ্ছেদ তৎপরতা শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসক একাধিকবার সেন্টার ঘুরেও এসেছেন। মৌখিক নির্দেশ দিয়েছেন সেন্টারের মালামাল সরিয়ে নিতে।