জাতি বিচারহীনতা থেকে মুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত হচ্ছে জাতি।বিশিষ্টজনেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুণদের সোচ্চার অবস্থানকেও স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন, এ রায়ে ৪১ বছর ধরে শোক বয়ে বেড়ানো শহীদ পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পেল।ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘এ রায়ের মাধ্যমে আমরা সভ্যতার বোধ স্থাপন করতে পেরেছি। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি দৃষ্টান্ত। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোনো সভ্য সমাজে কেউ অপরাধ করে পার পায় না।’শাহরিয়ার কবির গতকাল সশ্রদ্ধচিত্তে স্মরণ করেছেন শহীদজননী জাহানারা ইমাম ও সুফিয়া কামালকে। তিনি বলেন, ঠিক ২১ বছর আগে শহীদজননী জাহানারা ইমাম যে আন্দোলন শুরু করেছিলেন, এই রায় তাঁর আন্দোলনের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ছাড়া কবি সুফিয়া কামালের নেতৃত্বে ১৯৯৩ সালে জাতীয় গণতদন্ত কমিশনে প্রথম সাঈদীর বিরুদ্ধে নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের বর্ণনা মাঠপর্যায়ে তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করা হয়।ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি ও অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেছেন, ‘১৯৭৫ সালের পর থেকে রায় ও বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, আজকের বিচার ও রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ন্যায়বিচারের সংস্কৃতি ফিরে এসেছে। আমরা চাইব, এই সংস্কৃতি অক্ষুণ্ন থাকবে।’মুনতাসীর মামুন বলেন, দুটি অভিযোগে সাঈদীর সর্বোচ্চ শাস্তি হয়েছে। রায় দেওয়া ও তা কার্যকর করার ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ আছে। সেগুলো পেরিয়ে যখন রায় কার্যকর হবে, তখন তাঁরা সত্যিকারের উল্লাস প্রকাশ করবেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ট্রাইব্যুনালের রায়ের সঙ্গে জনতার যে রায়, তা মিলে গেছে। বিচার প্রলম্বিত হয়েছে, কিন্তু বিচার হয়েছে। রায়ের পর এখন সবাই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আরও সাহসী হবে। ভীতির ঊর্ধ্বে উঠতে পারবে।’ তিনি আশা প্রকাশ করে বলেছেন, নতুন প্রজন্মের চেতনার জাগরণ ঘটেছে, মুক্তিযুদ্ধের চেতনায় সবাই নতুন করে উজ্জীবিত হয়ে সামনে এগিয়ে যাবে।মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু রায়ে স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আইনি প্রক্রিয়ায় সব বিচারকাজ সমাধা হয়েছে। ভবিষ্যতে অন্য মামলাগুলোও সঠিক আইনে পরিচালিত হবে বলে আশা করি।’