জাতির সংকটে ফয়েজ আহ্মদ প্রজ্ঞার সঙ্গে কাজ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ফয়েজ আহ্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও মন্ত্রিসভার সদস্যসহ দেশের বিশিষ্ট নাগরিকেরা। গতকাল সোমবার পৃথক বিবৃতিতে তাঁরা বলেন, ফয়েজ আহ্মদ ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবতাবাদী কর্মী। বিভিন্ন সময়ে দেশ ও জাতির সংকট উত্তরণে তিনি প্রজ্ঞা ও নির্ভীকতার পরিচয় দিয়েছেন।স্পিকার আবদুল হামিদ বলেন, ফয়েজ আহ্মদের মৃত্যু দেশের জন্য একটি বিরাট ক্ষতি। নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সচেতন সমাজ গঠনে তাঁর অবদান প্রশংসনীয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগরিফরাত কামনা করেছেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেন বলেন, অকৃতদার এই মানুষটির মধ্যে কোনো পিছুটান ছিল না। তাঁর গোটা জীবনই ছিল জনকল্যাণে নিবেদিত। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ফয়েজ আহ্মদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া বিভিন্ন দল ও সংগঠন শোক জানিয়েছে।