জাতিসংঘের স্বীকৃতি পেতে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ১৯৪তম রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেতে ফিলিস্তিনের আবেদনের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ফিলিস্তিন সংহতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এ সংহতি প্রকাশ করা হয়।কেন্দ্রীয় শহীদ মিনারের এই সংহতি প্রকাশ অনুষ্ঠানে বক্তারা জাতিসংঘের ৬৬তম অধিবেশনে ফিলিস্তিনের স্বীকৃতি আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ফিলিস্তিন বাংলাদেশের মুক্তিসংগ্রামে যে ভূমিকা রেখেছিল, তা স্মরণে রেখেই দেশটির স্বীকৃতি আদায়ে আমাদের কাজ করতে হবে।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ফিলিস্তিনের পক্ষে শুধু ভোট দিলেই হবে না, যারা ফিলিস্তিনের স্বীকৃতির বিপক্ষে ভোট দেবে, তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশ ফিলিস্তিন সংহতি পরিষদের সভাপতি সাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি প্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, অধ্যাপক এম এম আকাশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাসদের নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বাম মোর্চার নতা টিপু বিশ্বাস ও মোশারেফা মিশু, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফাইক এইচ হামজা, গণসংহতির আহ্বায়ক জুনায়েদ সাকি প্রমুখ।অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পত্র মারফত অনুষ্ঠানের প্রতি সংহতি প্রকাশ করেন।