জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই: বাদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণতন্ত্র, পতাকা, শহীদ মিনার, জাতীয় সংগীত, মানচিত্রকে রক্ষা করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বর্তমান ঘটনাসমূহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন সাংসদ ফজলে হোসেন বাদশা। প্রকাশক ও ব্লগারদের হত্যা এবং হত্যাচেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ওয়ার্কার্স পার্টি।

ফজলে হোসেন বলেন, ‘আজকে জঙ্গিবাদী তৎপরতা চলছে। চাপাতি দিয়ে মানুষ হত্যা চলছে। পুলিশ মারা হচ্ছে। আমরা যখন খবরের কাগজে দেখি, পুলিশের হাতে বন্দুক ছিল। কিন্তু গুলি নেই। তাহলে প্রশ্ন ওঠে, পুলিশকে দায়িত্বে পাঠানো হয় গুলিবিহীন বন্দুক নিয়ে?

এর কারণ ক​ী? এটা কি ষড়যন্ত্র, না জঙ্গিবাদীদের সহায়তা? এটা কি তাদের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া।’ তিনি বলেন, খণ্ড খণ্ড প্রতিবাদের কোনো অর্থ হয় না। খণ্ড খণ্ড প্রতিবাদকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধে পরিণত করতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘জামায়াতে ইসলামী জঙ্গিবাদের ছাতা। সেই ছাতার নিচে আজকে বিভিন্ন নামে জঙ্গিবাদ বিকশিত হচ্ছে। আর বিএনপি ২০ দলের নামে জামায়াত নিয়ে মিটিং করবে, সভা করবে। আর তাদের জঙ্গিবাদী কর্মকাণ্ডের দায়িত্ব নেবে না, তা হবে না।