জাতীয় ঈদগাহ প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠজুড়ে ত্রিপল আর রঙিন শামিয়ানা। বৈদ্যুতিক পাখা, বাতি লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। কোথাও নেই কোনো ময়লা-আবর্জনা। মাঠের চারদিকে অনেক মানুষের কর্মব্যস্ততা। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের গত বুধবারের চিত্র এটি। কাল শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এখানেই অনুষ্ঠিত হবে।আয়োজকেরা জানিয়েছেন, অন্যবারের মতো এবারও ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনার কাজ তদারকি করছে ঢাকা সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক প্রকৌশলী সেলিম রেজা প্রথম আলোকে জানান, ময়দানের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরো মাঠ ত্রিপল আর শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে।আয়োজকেরা জানান, মাঠের আলাদা একটি স্থানে পাঁচ হাজার নারীর জন্য ঈদের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে কদমফুল ফোয়ারাসংলগ্ন প্রধান গেট দিয়ে। তবে নারীদের জন্য থাকবে পৃথক গেট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, এবারে মাঠ ব্যবস্থাপনার কাজে ৪৩ লাখ টাকা খরচ করা হচ্ছে। এই ঈদগাহে ৮৪ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।ঈদের জামাতে অংশগ্রহণ-কারীদের নিরাপত্তায় আটটি আর্চওয়ে, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।নিরাপত্তার দায়িত্বে থাকা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বলেন, ‘ঈদের চার দিন আগে থেকেই আমরা ঈদের মাঠে অবস্থান নিয়েছি। নিরাপত্তার জন্য বাড়তি নজরদারি থাকছে। এ জন্য পুলিশের বিশেষ বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ কাজ করছে। পাশাপাশি র‌্যাব-৩-এর একটি দলও নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে।’ঈদগাহ ময়দানে এবার পাঁচটি ভ্রাম্যমাণ শৌচাগার থাকছে। একসঙ্গে ১৪০ জনের অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ ময়দানের প্রধান গেটের মুখে র‌্যাব ও পুলিশের পৃথক দুটি নিয়ন্ত্রণকক্ষ থাকছে।আয়োজকেরা জানান, সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে তাৎক্ষণিকভাবে ঈদের জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্থানান্তর করা হবে।