জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত হচ্ছে
রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও ঢাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে এ জামাত। ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে এক ঘণ্টা পরপর মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। পর্দা দিয়ে নারীদের জন্যও নামাজের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া মুসল্লিদের সুবিধার্থে এখানে অজুর পানি সরবরাহ এবং অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা রাখা হবে বলে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্র জানিয়েছে। সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ঈদের জামাতের প্রস্তুতির পাশাপাশি মাঠ উন্নয়নের কাজও চলছে। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পুরো প্যান্ডেল পানিরোধক ত্রিপল দিয়ে ঢেকে রাখার প্রস্তুতিও থাকবে। ডিসিসির উদ্যোগে ও ব্যবস্থাপনায় নগরের বিভিন্ন ওয়ার্ডে মোট ৫০০টির মতো মসজিদ ও মাঠে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।