জাতীয় ঈদগাহে এবারও হচ্ছে না ঈদের জামাত
জাতীয় ঈদগাহে এবারও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বুধবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
আবু নাছের বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজের আয়োজন করতে অন্তত এক মাস সময় লাগে। সেই সময় এখন নেই। অন্যদিকে করোনো সংক্রমণের বিষয়টিও রয়েছে।
গত বছর করোনা সংক্রমণের শুরুর পর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হচ্ছে না। এর স্থলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
অবশ্য, এর আগে গত মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আজহার জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
নির্দেশনায় বলা হয়, মসজিদে ঈদের নামাজ আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুমুক্ত করতে হবে। মুসল্লিরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।
তবে দক্ষিণ সিটি মনে করে, ঈদের বাকি আর মাত্র ছয় দিন। জাতীয় ঈদগাহ উন্মুক্ত জায়গা হলেও এত অল্প সময়ে এক মাসের প্রস্তুতির কাজ শেষ করা সম্ভব হবে না।