জাতীয় কমিটির হরতালে ‘দমন পীড়নের’ নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে পুলিশের লাঠিপেটা এবং গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে গত রোববার কমিটি ঢাকায় আধা বেলা হরতাল পালন করে। হরতাল চলাকালে পুলিশ কমিটির অনেক নেতা-কর্মীকে আটক ও লাঠিপেটা করে। সরকারের ‘দমন-পীড়নের’ প্রতিবাদে গতকাল সোমবার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এতে বক্তারা বলেন, সরকার যুক্তি ও নৈতিক অবস্থান হারিয়ে মিথ্যাচার ও দমন পীড়নের পথ গ্রহণ করেছে।দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করে গণসংহতি আন্দোলন। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে দলটি। জাতীয় মুক্তি কাউন্সিলও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। নগরের ইডেন কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।এক বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), দেশ রক্ষা আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।হরতাল প্রত্যাহারের আহ্বান: বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। আগামী ৬-৭ এবং ১০ ও ১১ জুলাই ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ হরতালের ফলে জানমালের ক্ষতি হবে। জনজীবন বাধাগ্রস্ত হবে। অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে।গতকাল এক বিবৃতিতে জাতীয় গণতান্ত্রিক লীগ বলেছে, কোনো রকম হরতাল, সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে তারেক, কোকো, বাবর, মুজাহিদকে রক্ষা করা যাবে না।