জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রণয়ন
নারী উন্নয়ন নীতির আলোকে জাতীয় কর্মপরিকল্পনা-২০১২-এর খসড়া প্রণয়ন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে প্রণীত খসড়ার গ্রহণযোগ্যতা, অসামঞ্জস্যতা ও সীমাবদ্ধতা পর্যালোচনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীরা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। সব ক্ষেত্রে নারীর সমান সুযোগ ও সম-অধিকার নিশ্চিত করতে নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন অপরিহার্য। ১০ বছর মেয়াদি এ কর্মপরিকল্পনা বর্তমান সরকারের নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের রূপকল্প নিশ্চিত করবে।সভায় কর্মপরিকল্পনাটি তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করেন কর্মপরিকল্পনার পরামর্শক তাহেরা ইয়াসমিন। তিনি জানান, ১০ বছর মেয়াদি এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে নারী উন্নয়ন নীতি-২০১১ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে। সুনির্দিষ্টভাবে নারীদের জন্য জরুরি ও তাঁদের স্বার্থ প্রতিফলিত করতে কর্মপরিকল্পনাটি তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে ভাগ করা হয়েছে। এ পরিকল্পনা নারীনীতির স্থায়িত্ব প্রদানেও সহায়ক হবে বলে তিনি জানান।সভায় আরও জানানো হয়, প্রাথমিক খসড়ায় তথ্যগুলোর যথার্থতা নিশ্চিত করতে বাংলাদেশের সংবিধান, মধ্যমেয়াদি বাজেট কাঠামো এবং ষষ্ঠ-পঞ্চবার্ষিক পরিকল্পনাকে মূল তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের বাজেট কাঠামো, কর্মপরিকল্পনার নমুনা, জাতিসংঘ ও নানা দেশের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।মহিলা ও শিশুবিষয়ক সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেবী মওদুদ, শিরীন আখতার, ফরিদা আখতার প্রমুখ।