জাতীয় চক্ষু হাসপাতাল চলছে স্বাচিপ স্টাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের এক থেকে দেড় ঘণ্টা পরও সরকারের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকেরা আসছেন না। নথিপত্র ঘেঁটে দেখা গেছে, সময়মতো হাসপাতালে আসেন এই প্রতিষ্ঠানের মাত্র ৩৫ ভাগ চিকিৎসক। তবে দূরদূরান্ত থেকে মানুষ সকাল আটটায় হাসপাতালে ভিড় করেন।১৭ ও ১৮ ডিসেম্বর সকাল থেকে হাসপাতালে উপস্থিত থেকে এটা দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র বলছে, চিকিৎসকেরা সময় মেনে হাসপাতালে আসছেন না। এই প্রবণতার জন্য হাসপাতাল চালানো এখন মুশকিল হয়ে পড়েছে। হাসপাতালটিকে আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) একক প্রাধান্য। সিংহভাগ চিকিৎসক স্বাচিপের সদস্য ও সমর্থক।চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে স্বাচিপ শাখার সভাপতি আনিসুর রহমান আঞ্জুম অভিযোগ অস্বীকার করে বলেন, স্বাচিপ নেতারা সময়মতো হাসপাতালে আসেন। অনেকে ইচ্ছে করে হাজিরা খাতায় সই করেন না। অনেক সময় বিভিন্ন অফিসের প্রয়োজনে তাঁদের বাইরেও যেতে হয়।১৭ ডিসেম্বর রোববার সকাল আটটার সময় হাসপাতালে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে অর্ধশতাধিক রোগী বহির্বিভাগে টিকিট হাতে দাঁড়িয়ে। কিন্তু ১১৪, ১১৫, ১১৬, ১১৭ নম্বর কক্ষে কোনো চিকিৎসক ছিলেন না। নাখালপাড়া থেকে অসুস্থ শাশুড়িকে নিয়ে এসেছিলেন বিলকিস বেগম। সঙ্গে পাঁচ বছরের মেয়ে। তিনি প্রথম আলোকে বলেন, ভিড় এড়াতে সকাল সাড়ে সাতটার সময় তিনি এসেছেন। পরে শুনেছেন সকাল নয়টার আগে চিকিৎসক পাওয়া যাবে না। ফরিদপুর থেকে আসা ষাটোর্ধ্ব বৃদ্ধা বনুলী বিবিও দীর্ঘক্ষণ বসে থেকে চিকিৎসকের দেখা পান। একই পরিস্থিতি ছিল দোতলার কর্নিয়া ও রেটিনা ক্লিনিকেও। হাসপাতালের পরিচালক নুরুল হক দ্বীন মোহাম্মদ বলেন, ‘প্রতিদিন সকালে চিকিৎসকেরা মর্নিং মিটিংয়ে বসেন। নয়টার পর সবাই হাসপাতালে থাকেন। এখন অবশ্য আমরা চিন্তা করছি প্রতিদিন সব চিকিৎসককে মিটিংয়ে ডাকব না।’তবে সকালের বৈঠকের পর চিকিৎসকদের হাজিরা খাতা ঘেঁটে দেখা গেছে, বেশির ভাগ চিকিৎসকই উপস্থিত থাকেন না। নভেম্বরের ২৬ তারিখ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ৫৬ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ জন, অন্য ৭১ জন চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ২২ জন। একই চিত্র ছিল ২৮ নভেম্বরে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ১৯ জন এবং অন্য চিকিৎসক ৩৬ জন উপস্থিত ছিলেন।একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর প্রভাব অনেক বেশি। তিনি নিজেও চক্ষু চিকিৎসক। অভিযোগ আছে, তাঁর কারণে নিয়মিত দেরি বা অনুপস্থিত থাকেন এমন চিকিৎসকদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে না।এ ব্যাপারে সৈয়দ মোদাচ্ছের আলী প্রথম আলোকে বলেন, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে স্বাচিপের সভাপতি আনিসুর রহমান আঞ্জুমকে তিনি ছেলের মতো ভালোবাসেন। ওই প্রতিষ্ঠানের সবাই তাঁর খুব ঘনিষ্ঠ। কিন্তু সেখানে কোনো বিশৃঙ্খলা বিরাজ করছে বলে তাঁর জানা নেই।