জাতীয় জাদুঘরে রক্ষিত নিদর্শনের তালিকা হয়নি দীর্ঘদিন
জাতীয় জাদুঘরে প্রদর্শিত ও রক্ষণাগারে রাখা নিদর্শনগুলোর বিস্তারিত তালিকা বা ইনভেন্ট্রি হয়নি দীর্ঘদিন। ফলে সাম্প্রতিক চুরির ঘটনায় ঠিক কতগুলো নিদর্শন খোয়া গেছে, এমনকি কবে চুরি হয়েছে, সে বিষয়েও কর্তৃপক্ষ পুরোপুরি নিশ্চিত নয়। বর্তমান মহাপরিচালক বিষয়টি ‘আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন বলে’ এ নিয়ে কিছু বলতে চাননি। এদিকে একজন সাবেক মহাপরিচালক নিদর্শনের তালিকা করতে গিয়ে অসহযোগিতার মুখে পড়ার কথা উল্লেখ করে বলেছেন, জাদুঘরের একটি ‘চক্র’ চায় না সেখানে সংরক্ষিত নিদর্শন নিয়ে কোনো বার্ষিক প্রতিবেদন হোক।জানা গেছে, ঠিক কী চুরি হয়েছে, তা স্থির করতে ভরসা করা হচ্ছে পাঁচ বছর আগের একটি আবছা ভিডিওচিত্রের ওপর। এটি দেখে কার্যত অনুমান করা হচ্ছে চুরি গেছে দুটি পদক এবং মোগল ও ব্রিটিশ আমলের ২৪টি মুদ্রা। গত রোববার নিদর্শনগুলো খোয়া যাওয়ার বিষয়টি প্রকাশিত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ কবে নিদর্শনের বিস্তারিত তালিকা করা হয়েছিল, তা কর্তৃপক্ষের অজানা। জাদুঘরের কোনো বার্ষিক প্রতিবেদনও প্রকাশ করা হয় না। জাদুঘরের দ্বিতীয় তলায় ২১ নম্বর গ্যালারিতে ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগে তিনটি শোকেসের নিদর্শনের মধ্যে গরমিল ধরা পড়ে গত ২৫ এপ্রিল। বিষয়টি জানাজানির পর জাদুঘর কর্তৃপক্ষ একজন কিপারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ২১ নম্বর গ্যালারিতে কী প্রকারের কতটি নিদর্শন ছিল, তার হিসাব আদৌ কখনো করা হয়েছিল কি না, তা সংশ্লিষ্ট বিভাগের কেউই বলতে পারেননি। সর্বশেষ ২০০৫ সালে ওই গ্যালারির নিদর্শনের আলোচ্য ভিডিওচিত্র ধারণ করা হয়েছিল।গ্যালারি ঠিক রেখে এই নিদর্শনগুলোর প্রদর্শনের স্থান বদলানো হয়েছিল ২০০৭ সালের পর। তখন এগুলো খোয়া যাওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেননি। গতকাল মঙ্গলবার জাদুঘরে গিয়ে দেখা যায়, সেখানে আগের তুলনায় নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। জাদুঘরের দ্বিতীয় তলার ২১ নম্বর গ্যালারির ৩৪৬২ নম্বর শোকেসে ১৮৮৫ সাল থেকে ১৯৪২ সালের মুদ্রা ছিল। মুদ্রার সংখ্যা লেখা না থাকলেও সাধারণভাবে দেখে মনে হয় কয়েকটি প্লেটের কিছু অংশে আগে মুদ্রা থাকলেও তার স্থান শূন্য। এরপর ৩৪৬৩ নম্বর শোকেসের নিদর্শন পরিচিতিতে অধ্যক্ষ ইব্রাহীম খাঁর ‘তমঘা-ই-কায়েদে আজম’ পদক এবং ‘একুশে পদক’-এর উল্লেখ থাকলেও সেখানে রয়েছে মাত্র একটি পদক। একই শোকেসে তালিকায় থাকলেও আরও কয়েকটি পদক দেখা যায়নি। এগুলো কোনো কারণে সরানো হয়েছে কি না, তার উল্লেখ নেই। তবে শোকেসগুলো পুরোপুরি অক্ষত। জাদুঘরের একাধিক সূত্রে জানা গেছে, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ২১ নম্বরসহ বেশ কয়েকটি গ্যালারিতে কোনো রকম সিসি ক্যামেরা ছিল না। চুরির ধরন থেকে জাদুঘরের ভেতরের লোকেরাই এর সঙ্গে জড়িত বলে ইতিমধ্যেই ধারণা প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সংরক্ষণ ও তদারকির উন্নত ব্যবস্থা না থাকার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেছেন, জাদুঘরের নিদর্শনের হিসাব রাখার ব্যাপারে আধুনিক প্রযুক্তির (ডিজিটালাইজেশন) ব্যবস্থা করা হবে খুব শিগগির।এদিকে নিদর্শন খোয়া যাওয়ার ব্যাপারে মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘ঠিক কোন সময়ে নিদর্শনগুলো খোয়া গেছে, তা এখন আমরা বলতে পারছি না। তাই নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি না। যেহেতু এটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন, তাই এখন এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কিছু বলা সম্ভব না।’জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, তিনি দায়িত্বে থাকার সময় বেশ কয়েকবার বার্ষিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু জাদুঘরের কয়েকজন কর্মকর্তার অসহযোগিতার ফলে তা করা সম্ভব হয়নি। শামসুজ্জামান খান বলেন, ‘জাদুঘরের অভ্যন্তরে একটি চক্র আছে, যারা চায় না এখানকার নিদর্শন নিয়ে কোনো প্রতিবেদন তৈরি হোক। যার ফলে বিভিন্ন সময়ে মালামাল সরিয়ে ফেলার মতো ঘটনা ঘটছে।’ বর্তমান মহাপরিচালক জানান, জাদুঘর পরিচালনায় দক্ষ জনবলের অভাব রয়েছে। অনুমোদিত পদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ২৬টি পদ খালি রয়েছে। এ ছাড়া যে জনবল রয়েছে, তাদেরও দক্ষতার ঘাটতি রয়েছে। মামলার সর্বশেষ: নিদর্শন খোয়া যাওয়ার ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে শাহবাগ থানায়। থানা সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত জাদুঘরের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে সংস্কৃতসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, সার্বিক বিষয় তদন্তে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।