জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হলো জাতীয় জাদুঘরের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল মঙ্গলবার আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার মধ্যে ছিল স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, জাদুঘরের প্রকাশনাসামগ্রী প্রদর্শন, বিভিন্ন কর্মসূচির ভিডিওচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা। সকালে জাদুঘর প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ‘জাদুঘর ইতিহাস শেখার অনুপ্রেরণা’ এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘তরুণদের ভাবনায় ডিজিটাল জাদুঘর’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিগত তিন বছরের উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা রকমের তথ্য উপস্থাপন করেন জাদুঘরের সহকারী কিপার শওকত ইমাম খান। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাষ্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে সুরাইয়া বেগম বলেন, দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে আমাদের হাজার বছরের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার জন্য জাদুঘরকে আরও সমৃদ্ধ করতে হবে।জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বলেন, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার এবং দর্শকদের সক্রিয় সহায়তার ফলে জাদুঘর তার ভবিষ্যৎ লক্ষ্য অর্জন করতে পারবে।