শেষ হলো প্রথম আলো-ট্রাস্ট ব্যাংক রাজউক উত্তরা মডেল কলেজ বিতর্ক উৎসব
জাতীয় জীবনে যুক্তিতর্কের প্রক্রিয়া চালু করবে তরুণেরাই
জাতীয় জীবনে যুক্তিতর্কের প্রক্রিয়া চালু করবে তরুণেরাই। গতকাল শনিবার রাজউক উত্তরা মডেল কলেজ মিলনায়তনে তিন দিনব্যাপী প্রথম আলো-ট্রাস্ট ব্যাংক রাজউক উত্তরা মডেল কলেজ বিতর্ক উৎসবের শেষ দিনে এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। রাজউক কলেজ বিতর্ক ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী উৎসবে স্কুল ও কলেজপর্যায়ে বাংলা ও ইংরেজি মাধ্যমের বিতর্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭২টি দল অংশ নেয়।গতকাল সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ বলেন, আধুনিক যুগে শিক্ষার্থীদের জীবনে সবক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডকে সমান গুরুত্ব দিতে হবে। প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী তরুণসমাজ গড়ে উঠবে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম হোসেন সরকার বলেন, বিতর্ক হলো জ্ঞানচর্চায় সত্যকে গভীরভাবে জানার অনুষঙ্গ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর শারমীন রহমান। ‘বিতর্ক হোক ঐক্যের শক্তি’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই বিতর্ক উৎসবে কলেজপর্যায়ে বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম কলেজের গোল্ড দলের বিতার্কিকেরা। বিজিত হয়েছে নটর ডেম কলেজের গ্রিন দল। স্কুলপর্যায়ে বাংলা বিতর্কে রাজউক উত্তরা মডেল কলেজ বিতর্ক দল-২-এর বিতার্কিকেরা চ্যাম্পিয়ন এবং রাজউক উত্তরা মডেল কলেজ বিতর্ক দল-১ রানার্সআপ হয়। কলেজপর্যায়ে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ধানমন্ডির একাডেমিয়া রানার্সআপ হয়েছে। গতকাল সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিতর্ক উৎসব শেষ হয়।প্রচার-সহযোগী ছিল এবিসি রেডিও ও চ্যানেল আই। অনলাইন সহযোগিতায় প্রথম আলো ডট কম। সার্বিক সহযোগিতায় রাজউক কলেজ, ট্রাস্ট ব্যাংক ও প্রথম আলো।