জাতীয় পরিচয়পত্র নিতে দুর্ভোগ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যালয়ে (ন্যাশনাল আইডি রেজিস্ট্রেশন উইং) গিয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ ছাড়া সেখানে গড়ে উঠেছে দালাল চক্র। তাদের সঙ্গে এনআইডি উইংয়ের কিছু কর্মচারীও জড়িত বলে অভিযোগ আছে।
২০০৮ সাল থেকে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পাশাপাশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিচ্ছে নির্বাচন কমিশন। এ পরিচয়পত্র এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট তৈরিসহ নানা জরুরি কাজে ব্যবহৃত হচ্ছে। জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া হয় পশ্চিম আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনের এনআইডি উইং থেকে।
সূত্র জানায়, যেসব এলাকায় ডিসেম্বরে পৌর নির্বাচন হচ্ছে, সেখানে ভোটার হওয়া সংক্রান্ত সব কাজ বন্ধ রয়েছে। এর বাইরে যে কেউ ভোটার হতে পারছেন। আর যাঁরা ২০১৩-১৪ সালে ভোটার হয়েছেন, কিন্তু পরিচয়পত্র পাননি, তাঁদের স্মার্ট কার্ড দেওয়া হবে। এ জন্য আপাতত তাঁদের এনআইডি দেওয়া হচ্ছে না। তবে জরুরি প্রয়োজনে আবেদন করে তাঁরাও এনআইডি নিতে পারছেন। জানুয়ারিতে নতুন ভোটার হিসেবে যাঁরা তালিকাভুক্ত হবেন, তাঁরাও পরে এনআইডি নিতে পারবেন। আবার প্রবাসী যে কেউ দেশে এসে যেকোনো সময় নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজ দিয়ে ভোটার হতে পারছেন। এ ছাড়া হারানো বা নষ্ট এনআইডির ডুপ্লিকেট সংগ্রহ এবং তথ্য সংশোধনের কাজ গত ১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত ফি দিয়ে করতে হচ্ছে।
নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তারা সাংবাদিক পরিচয় শুনে এসব তথ্য জানালেও ওই কেন্দ্রে ভিড় করা সাধারণ মানুষ সহজে এসব তথ্য জানতে পারছেন না। এ কারণে তাঁদের ঘুরতে হচ্ছে।
যাঁদের পরিচয়পত্রে ভুল, তাঁদের সংশোধন করাতে হলে যেতে হয় সাততলায়। সেখানে গিয়ে দেখা যায় তথ্যকেন্দ্র ও সেবাপ্রত্যাশীদের দীর্ঘ সারি। সাততলায় যাওয়ার জন্য রয়েছে মাত্র একটি লিফট। এতে মাত্র ১৩ জন উঠতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন নাসিমা বেগম। তিনি বলেন, ‘নারীদের জন্য আলাদা জায়গা নেই, তাই বাধ্য হয়েই দাঁড়িয়েছি।’ অনেক সময় পর্যাপ্ত তথ্যের অভাবে ফরম পূরণে ভুল হচ্ছিল সেবাপ্রত্যাশীদের। সে জন্য তাঁদের অপেক্ষা করতে হচ্ছিল দীর্ঘ সময়। নারায়ণগঞ্জের আবুল কাশেম বলেন, ‘সকাল নয়টার আগে এসেছিলাম, এখন বাজে ১২টা। আরও কতক্ষণ লাগবে জানি না।’
সরেজমিনে আরও দেখা যায়, পরিচয়পত্র সংশোধনের জন্য নির্ধারিত ফরম অনেককে সংগ্রহ করতে হচ্ছিল ইসলামিক ফাউন্ডেশনের সামনের ফটোকপির দোকানগুলো থেকে। এখানে মাত্র দুই টাকার ফটোকপির মূল্য ১০ টাকা করে নিতে দেখা যায়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, রাজধানীতে চাকরিরত অথচ বাইরে ভোটার ছিলেন, তাঁরা ভুল সংশোধন করতে আসছেন এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আমার অফিসের কাগজপত্রের তথ্যের গরমিল ছিল। দুই জায়গার তথ্যের গরমিল থাকায় বেতন-ভাতা তুলতে এবং অবসরের সময় সমস্যা হতে পারে। এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং পাসপোর্টের জন্য এটি লাগবে। তাই পরিচয়পত্র সংশোধন করতে এসেছি।’
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পর্যাপ্ত লোকবল দায়িত্বরত আছে। আমার জানামতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’