জাতীয় পরিচয়পত্রে পেশার স্বীকৃতি দাবি যৌনকর্মীদের
জাতীয় পরিচয়পত্রে নিজেদের পেশার স্বীকৃতি দাবি করেছেন যৌনকর্মীরা। স্বীকৃতি দেওয়া না দেওয়া নিয়ে দুই দিনের ব্যবধানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই ধরনের বিবৃতির পরিপ্রেক্ষিতে তাঁরা এই দাবি জানান।গত মঙ্গলবার নির্বাচন কমিশনার শাখাওয়াৎ হোসেন বলেন, যৌন পেশাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। দুই দিন পর কমিশন জানায়, এই পেশাকে নিরুৎসাহিত করতে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।কমিশনের এই অবস্থানের প্রতিবাদে যৌনকর্মীদের ২৭টি সংগঠনের মোর্চা সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনের নেতারা প্রশ্ন তোলেন, যৌনকর্মীর ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে সরকার গঠন হলে পেশার স্বীকৃতি দিতে কমিশনের আপত্তি কোথায়? যৌনকর্মীদের পেশা জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চান সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের নেত্রীরা।নির্বাচন কমিশনের যুগ্ম সচিব নুরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ভোটার নিবন্ধন ফরমে ’অন্যান্য’ বলে যে ক্যাটাগরি আছে সেখানে যৌনকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। তবে সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বলেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে যৌনকর্মীরা আগের মতোই হয়রানির শিকার হবে।যৌনকর্মীদের সংগঠন দুর্জয়ের সভানেত্রী শাহনাজ বেগম বলেন, শুধু পেশার স্বীকৃতি না থাকায় যৌনকর্মীরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছেন। পেশা হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা পুলিশি হয়রানি থেকে রক্ষা পাবেন বলে উল্লেখ করেন যৌনকর্মী পারুল বেগম। সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের উপদেষ্টা মমতাজ বেগম বলেন, পেশা তালিকা চূড়ান্ত করার আগে তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তাঁদের যুক্তি উপস্থাপন করবেন।