জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অধিদপ্তর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন শিগগিরই প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরিত হতে যাচ্ছে। গত মাসে এক চিঠির মাধ্যমে সংস্থাপন মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। চিঠিতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিলুপ্তি সাপেক্ষে একে অধিদপ্তরে রূপান্তরকরণের কথা বলা হয়েছে। একই সঙ্গে ফাউন্ডেশনের আওতাভুক্ত জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র ও শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণকেন্দ্রকে (পিএইচটিসি) এর বিদ্যমান পদসহ জনবল, অফিস সরঞ্জাম ও যানবাহনসহ নবগঠিত অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে একীভূত করার কথা বলা হয়েছে। ফাউন্ডেশনের বিদ্যমান ২৪টি পদকে বিলুপ্ত করে কর্মরত জনবলকে উদ্বৃত্ত ঘোষণার বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এ ছাড়া রূপান্তরিত অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে নতুনভাবে ৩৭৩টি পদ সৃজন, পাঁচটি জিপ ও একটি মাইক্রোবাস অন্তর্ভুক্ত করা এবং উন্নয়ন ফাউন্ডেশনের উদ্বৃত্ত ঘোষিত জনবলকে অধিদপ্তরের নতুন সৃজিত সমমানের পদে আত্তীকরণেও মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।সংস্থাপন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অ্যাসাইনমেন্ট কর্মকর্তা নাজনীন পারভীনের স্বাক্ষরিত এ চিঠিতে অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত আনুষ্ঠানিকতা পালন, অর্থ বিভাগের বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ থেকে পদগুলোর বেতন স্কেল ভেটিং করানো, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ সাতটি শর্ত দেওয়া হয়েছে।ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী মো. নূরুল কবীর প্রথম আলোকে বলেন, ফাউন্ডেশনকে অধিদপ্তর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।