জাতীয় প্রেসক্লাব নিয়ে চক্রান্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবকে কেন্দ্র করে সম্প্রতি ক্লাবের কোনো কোনো সদস্যের দেওয়া কিছু অসত্য বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁরা বলেছেন, এই বক্তব্য প্রেসক্লাবের ইতিহাস বিকৃতির শামিল। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এই বিবৃতি দেন। তবে বিবৃতিতে তাঁরা কোনো সদস্যের নাম উল্লেখ করেননি।বিবৃতিতে ওই দুই নেতা বলেন, বিভ্রান্তিকে পুঁজি করে কোনো মহল যদি প্রেসক্লাব নিয়ে চক্রান্তের অপপ্রয়াস পায়, তবে ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।প্রেসক্লাব নেতারা বলেন, ক্লাবের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন প্রচেষ্টা চললেও এর প্রতিষ্ঠা, জমি পাওয়া এবং ভবন নির্মাণের বিষয়গুলো সদস্যদের জানা আছে।এ প্রসঙ্গে বলা হয়, ১৯৭৫ সালে তৎকালীন সরকার জাতীয় প্রেসক্লাবকে শিল্পকলা একাডেমীর জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সদস্যরা সেই সিদ্ধান্ত মানেননি। এরপর ১৯৭৮ সালে জিয়াউর রহমান জাতীয় প্রেসক্লাবের বর্তমান জায়গা ৩০ বছরের জন্য বন্দোবস্ত দেন এবং ভবন নির্মাণের ব্যবস্থা করেন। ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার আরও জায়গা বরাদ্দের ব্যবস্থা করে এবং পুরো জায়গা নামমাত্র মূল্যে স্থায়ী বরাদ্দ দেয়। এ বক্তব্যের পর প্রেসক্লাবের ইতিহাস নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর হবে বলে ক্লাব নেতারা আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।