জাতীয় প্রেসক্লাবের নির্বাচন নিয়ে মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের বিগত নির্বাচনের ফল নিয়ে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকা মহানগর চতুর্থ সহকারী দায়রা জজ আদালত। গতকাল বৃহস্পতিবার এই খারিজ আদেশ দেওয়া হয়।জানা যায়, বাদীপক্ষের গরহাজির ও সাক্ষী উপস্থিত করতে না পারায় আদালত মামলাটি খারিজ করে দেন।গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার ওপর নিষেধাজ্ঞা চেয়ে ৫ জানুয়ারি ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে এ মামলা করা হয়। নির্বাচনে পরাজিত সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল আলম বাদী হয়ে এ মামলা করেছিলেন। মামলার আরজিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়, তাঁদের অনেকেই বেঁচে নেই। অনেকে আছেন যাঁরা সাংবাদিক নন। ভোটার তালিকায় কেউ কেউ আছেন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং কেউ কেউ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাগারে রয়েছেন। এসব বিবেচনায় ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।বিবাদীপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী প্রাণনাথ বলেন, মামলা খারিজ হওয়ার বিষয়টি তিনি জানেন না।