জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে ১২ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০১১: স্বাস্থ্য খাত’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের বাজেটে পল্লি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১০-১১ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতে ৬ দশমিক ১ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও এবার বরাদ্দ কমে ৫ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। এবারের বাজেট স্বাস্থ্যবান্ধব হয়নি উল্লেখ করে বাজেটে ঘাটতি পূরণের দাবি জানানো হয়। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে বলা হয়, জরুরি স্বাস্থ্যসেবার জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে। মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্যকে প্রভাবিত করে—এমন সব খাতকে ‘স্বাস্থ্যবান্ধব’ করার গাইডলাইন বাজেটে থাকতে হবে। দূষণমুক্ত পরিবেশ, নিরাপদ খাদ্য ও পানি, তামাক ও মাদক নিয়ন্ত্রণসহ সব ধরনের বর্জ্যব্যবস্থায় স্বাস্থ্য প্রভাবক বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। দরিদ্র জনগোষ্ঠী, বিত্তহীন ও ভাসমান মানুষ, নিম্নবিত্ত মানুষ, শ্রমজীবী মানুষ, নারী ও শিশুদের জন্য ‘হেলথ সেফটি নেটওয়ার্কের’ রূপরেখা সুনির্দিষ্টভাবে তৈরি করতে হবে।সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাস্থ্য ব্যবস্থাপনায় অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, দলীয়করণসহ সব ধরনের নেতিবাচক প্রবণতা বন্ধে বার্যকর ব্যবস্থা নিতে হবে। পর্যাপ্তসংখ্যক নতুন নার্সিং ও গবেষণা ইনস্টিটিউট তৈরির জন্য বরাদ্দ রাখতে হবে। সরকারি চিকিৎসাকেন্দ্রে ইউজার ফি বাতিল করতে হবে। একই সঙ্গে উচ্চতর পর্যায়ের চিকিৎসাপ্রতিষ্ঠানে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য ‘সেফটি নেট’ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আখতার। বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক নাজমুন নাহার, সহসভাপতি অধ্যাপক শুভাগত চৌধুরী প্রমুখ।