জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন এস এম আবু রায়হানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।গত মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডিন সাঈদা বানুর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ।জানা গেছে, সরকার-সমর্থক বলে পরিচিত এ দুই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছিলেন। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে একজন কর্মচারী লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ডিন আবু রায়হানের কার্যালয়ে থাকা দুটি কম্পিউটার জব্দ করা হয়। গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটি অনুসন্ধান করে আবু রায়হান ও হাফিজুর রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের’ প্রমাণ পায়।সিন্ডিকেট সূত্র জানায়, কমিটি জব্দ করা কম্পিউটারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যসহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে প্রচারপত্র, মামলার অনুলিপিসহ মিথ্যা ও ভিত্তিহীন বিভিন্ন লেখার ফাইল খুঁজে পায়। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর অনুলিপি ওই কম্পিউটারে ছিল। গাজীপুরের সরকারদলীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হোসেন কর্তৃপক্ষের বিরুদ্ধে যে মামলা করেছেন, তার অনুলিপিও এর মধ্যে ছিল। এসব বিষয় পর্যালোচনা করে কমিটি নিশ্চিত হয়েছে যে, আবু রায়হান ও হাফিজ বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এসব কাজ করেছেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাফিজুর রহমান কমপক্ষে এক ডজন মামলার বাদী বা বিবাদী। এর আগে তিনি প্রতিপক্ষের হাতে দুবার লাঞ্ছিত হন। শাখা কর্মকর্তা থেকে প্রভাষক হওয়ার ক্ষেত্রে হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিজ্ঞতার জাল সনদ দাখিল করার অভিযোগ রয়েছে। অবশ্য উচ্চ আদালতের নিষেধাজ্ঞা নিয়ে তিনি চাকরিতে বহাল আছেন।