জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মমতাজ বেগম। ফাইল ছবি
অধ্যাপক মমতাজ বেগম। ফাইল ছবি

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাতে ঢাকার ভূতের গলির নিজ বাসভবনে মারা যান মমতাজ বেগম। তিনি কয়েক দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার বাদ জোহর ঢাকার ভূতের গলি জামে মসজিদে জানাজা শেষে মমতাজ বেগমকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, অধ্যাপক মমতাজ বেগম ভাষা আন্দোলন ও ছয় দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন গণপরিষদের সদস্য ও সাবেক সাংসদ।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত ও নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনের জন্য ‘নারী পুনর্বাসন বোর্ড’ গঠিত হয়। মমতাজ বেগম সেই বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার। শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক মমতাজ বেগম জীবনের শেষ দিন পর্যন্ত নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।