জাতীয় শিক্ষানীতির সবচেয়ে ইতিবাচক দিকের একটি হচ্ছে মাধ্যমিক স্তরের শেষ দুই বছরের পাঠ্যক্রমে জেন্ডার স্টাডিজ ও প্রজনন স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত করা। তবে এটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সমর্থন লাগবে। এর জন্য জনপ্রতিনিধি, সিদ্ধান্ত গ্রহণকারী ও গণমাধ্যমের কার্যক্রম জোরদার এবং ব্যাপক প্রচারণাও চালাতে হবে।গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘পাঠ্যক্রমে প্রজনন স্বাস্থ্য: শিক্ষানীতির চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মতো বিষয়গুলো দলীয় রাজনীতির বাইরে থাকা উচিত। রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই, এই শিক্ষানীতি বাস্তবায়িত হোক। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন সবার জন্য। এটি কোনো দলীয় বিষয় নয়। এই শিক্ষানীতির বিভিন্ন ইতিবাচক দিক রয়েছে। তাই এটি বাস্তবায়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে সবার এগিয়ে আসা উচিত।’মূল বক্তব্যে ব্র্যাকের পরিচালক শীপা হাফিজা বলেন, জেন্ডার স্টাডিজ ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি জাতীয় শিক্ষানীতির শুধু নারী শিক্ষা অধ্যায়ে সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু এটি একটি সার্বজনীন সচেতনতা ও উপলব্ধির বিষয়। এটি শুধু কন্যাশিশুর মধ্যে সন্নিবেশিত থাকলে সমাজে সার্বিক জেন্ডার সচেতনতার বিষয়টি আবারও একপেশে হয়ে থাকবে। তাই পাঠ্যক্রমে এসব বিষয়ের অন্তর্ভুক্তি এবং নারী-পুরুষনির্বিশেষে সবার কাছে শিক্ষার মূল বার্তা পৌঁছে দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক জিয়াউল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ, উইমেন ফর উইমেনের সভাপতি সালমা খান, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নিলুফার বানু, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ বক্তব্য দেন।